২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার ঘর হবে, কুঁড়ে ঘরেও কেউ থাকবে না: প্রধানমন্ত্রী

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আত্মবিশ্বাস ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নিজের দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 11:21 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা বিভিন্ন দপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর ছয় মাসের অগ্রগতি পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, “দারিদ্র্যমুক্ত, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তাই সবাইকে আত্মবিশ্বাস এবং দেশপ্রেম নিয়ে সততা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে।”

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান।

বৈঠকে আশ্রয়ন প্রকল্প, বিনিয়োগ বোর্ড, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, রপ্তানি প্রক্রিয়াকরণ জোনসহ বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্পগুলোর গত ছয় মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। চলমান প্রকল্পগুলো সফলভাবে দ্রুত শেষ করার লক্ষ্যে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী।

দেশে দারিদ্র্যের হার ‘উল্লেখযোগ্যভাবে’ কমিয়ে আনার ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, “শুধু শহরে নয়, দেশের গ্রাম-গঞ্জ থেকেও দারিদ্র্য দূর করতে হবে।”

দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সকলের আবাসন সুবিধা নিশ্চিত করতেই সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

“আমরা চাই এদেশে একজনও গৃহহীন থাকবে না। আর কেউ কুঁড়ে ঘরেও বাস করবে না।”

তিনি উপজেলা পর্যায়ে অবকাঠামো উন্নয়নের জন্য সরকারের গৃহীত ‘মাস্টার প্ল্যান’ যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে জানানো হয়, আশ্রয়ন প্রকল্পের আওতায় এ পর্যন্ত এক হাজার ৭৪৫ কোটি টাকা ব্যয়ে এক লাখ ৩৯ হাজার ১৮৮টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। একইসঙ্গে এ পর্যন্ত ৬৩০টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

এখনও দেশে দুই লাখ ৬৮ হাজার পরিবার অতি দারিদ্র্যের মধ্যে বসবাস করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এসব হতদরিদ্র পরিবারকে দারিদ্র্যের ‘শৃঙ্খল’ থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা শুধু দেশকে স্বাধীনতাই এনে দেননি, তিনি মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্যও বিভিন্ন প্রকল্পের সূচনা করে গেছেন।

“বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।”

২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে ইতোমধ্যেই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, বর্তমানে দেশের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়ে এক হাজার ৩১৬ ডলার হয়েছে। একইসঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে গত ৭ বছরে গড়ে সাড়ে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সরকার সফলভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।