২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির হল থেকে ৩ বহিরাগতকে পুলিশে, বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের এক নেতার আশ্রয়ে থাকা তিন বহিরাগতকে পুলিশে দেওয়ার পর প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও ভাংচুর করেছে একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 08:59 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এই বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় হলের ছয়টি সিসি ক্যামেরা ও টেলিভিশন কক্ষের জানালা ভাংচুর করা হয়।

এই ঘটনার আগে হলের ৩০৫ নম্বর কক্ষ থেকে শাহীন ও শফিউল নামের দুজনসহ তিন বহিরাগতকে পুলিশে দেন প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আফতাব উদ্দিন।

শাহীন তিতুমীর কলেজ এবং শফিউল মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী। তিনজনেই হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদের আশ্রয়ে দেড় বছর ধরে হলে থাকতেন বলে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাধ্যক্ষ দুইজন পুলিশসহ রাতে হলের ৩০৫ নম্বর কক্ষে যান। সেখানে তিনজন বহিরাগতকে আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেন তিনি।

এদিকে পুলিশ গেলে হলের লাইট বন্ধ করে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শ্লোগান দেন একদল শিক্ষার্থী। এসময় হলের মূল ফটকের ছয়টি সিসি ক্যামেরাসহ দ্বিতীয় তলায় টেলিভিশন কক্ষের জানালা ভাংচুর করে তারা।

হলের কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী প্রাধ্যক্ষ আফতাব উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সময়0 শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার অধ্যাপক আফতাব উদ্দিন বলেছেন, তিন বহিরাগতকে পুলিশে দেওয়ায় তার বিরুদ্ধে এই আন্দোলন।

“আমি ছাত্রদের মঙ্গলের জন্য বহিরাগতদের আটক করে পুলিশে দিয়েছি।  হলের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে এটা করা হয়েছে। তাদের জন্য সাধারণ ছাত্রদের অসুবিধায় পড়তে হচ্ছে।

“আন্দোলনরত ছাত্ররা কেউ সুস্থ রাজনীতি করে না।”

আটকের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শে মুচলেখা নিয়ে ওই তিন বহিরাগতকে ছেড়ে দেওয়া হয়েছে বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

“হল কর্তৃপক্ষ তিনজন বহিরাগতকে থানায় সোপর্দ করেছিল। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে ছেড়ে দিতে বলায় আমরা মুচলেখা নিয়ে ছেড়ে দেই।”