২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের নিদর্শন বাংলাদেশকে দেবে ভারতের বিমান বাহিনী

মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন বাংলাদেশকে দিতে চায় ভারতীয় বিমান বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 08:54 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে এ কথা জানিয়েছেন সফররত ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা।

বিকালে ভারতীয় বিমান প্রধান বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দেশের বিমান বাহিনীর মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান বলে জানিয়েছেন ভারতের বিমান বাহিনী প্রধান।

“তিনি আরও বলেছেন, তার বাহিনীর কাছে মহান মুক্তিযুদ্ধের অনেক নিদর্শন রয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরকে ওই নিদর্শনগুলো তারা উপহার দিতে চান।”

ভারতের বিমান বাহিনীর প্রধানকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সফর বিনিময়, যৌথ প্রশিক্ষণ ও মহড়া দুই দেশের বিমান বাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি দুই দেশের বিমান বাহিনীর পেশাগত মান উন্নয়নে কর্মকর্তা পর্যায়ে নিয়মিত বৈঠকের ওপর জোর দেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।