শরণার্থী সঙ্কট নিরসনে উদ্যোগ চায় জাতিসংঘ
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে গতবছর যে সংখ্যক শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়েছে, তার তিনগুণের বেশি প্রাণ গেছে বঙ্গোপসাগরে।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের (ইউএনএইচসিআর) ‘মিক্সড মেরিটাইম মুভমেন্টস ইন সাউথ-ইস্ট এশিয়া’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
শরণার্থী সঙ্কটে থাকা দেশগুলোকে সহায়তা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে।
এতে উল্লেখ করা হয়, নৌকায় সমুদ্রযাত্রার সময় পাচারকারীদের নির্যাতন ও রোগে ভুগে বেশিরভাগ মানুষ প্রাণ হারাচ্ছে।
গতবছর বিভিন্ন দেশের মোট ৩৩ হাজার ৬০০ শরণার্থী ও অভিবাসী সাগর পাড়ি দেওয়ার লক্ষ্যে নৌকায় চড়েছিল।
এদের মধ্যে বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পাড়ি দিয়েছে ৩২ হাজার ৬০০ জন।
এই সংখ্যার বেশিরভাগই বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা ছিল বলে ইউএনএইচসিআর এর দাবি।
ফাইল ছবি
২০১৫ সালের প্রথমভাগে ৩১ হাজার মানুষ সাগর পাড়ি দেয়; তবে
বছরের শেষ অর্ধে এই সংখ্যা নেমে আসে ১ হাজার ৬০০ জনে।
বছরের শুরুর দিকে থাইল্যান্ড ও মালয়েশিয়া সীমান্তে বেশকিছু গণকবর আবিষ্কার, পাচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন দেশের কঠোর অবস্থানসহ বেশকিছু কারণে এ প্রবণতা কমে এসেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
তারপরও ২০১৫ সালে ভূমধ্যসাগরের চেয়ে এ অঞ্চলে শরণার্থী ও অভিবাসীদের মৃত্যুর হার তিনগুণের বেশি ছিল।
সাগরে মৃত্যুর যেসব ভয়ঙ্কর কারণ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে- ক্ষুধা, জীবন্ত সাগরে ছুড়ে ফেলা এবং দীর্ঘ সমুদ্রযাত্রায় রোগে ভোগা।
২০১৫ সালে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অন্তত ৩৭০ জন প্রাণ হারিয়েছেন, যারা পাচারকারীদের নির্যাতন ও বিভিন্ন রোগে ভুগে মারা গেছেন। অসুস্থ যাত্রীদের রোগ থেকে মুক্তি দিতে হত্যার ঘটনাও রয়েছে।
এছাড়া উপকূল থেকে ফিরিয়ে দেওয়া নৌকায় খাবার-পানি নিয়ে নিজেদের মধ্যে হানাহানিতেও প্রাণ হারিয়েছে কয়েকজন।
দেশান্তরের মূল কারণগুলো চিহ্নিত করা না হলে মানুষের প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রযাত্রার প্রবণতা বন্ধ হবে না বলে মনে ইউএনএইচসিআর।
এই সঙ্কট থেকে উত্তরণের বেশকিছু প্রক্রিয়ার কথা বলেছেন কমিশনের মুখপাত্র আন্দ্রেস নিডহ্যাম।
সাগারভাসা মানুষদের উদ্ধারে শরণার্থী সংকটে থাকা দেশগুলোর কার্যকর উদ্যোগ নিতে হবে। এছাড়া তাদের নিরাপদ অবতরণ ও রোগ নির্ণয়ের ব্যবস্থাও থাকতে হবে।
যারা দেশ ছেড়েছে তাদেরকে অস্থায়ীভাবে শরণার্থী সুবিধা দেওয়া এবং ও মৌলিক অধিকার ও কাজের নিশ্চিয়তারও প্রয়োজন রয়েছে বলে মনে করছে ইউএনএইচসিআর।
সংস্থাটি সুপারিশ করেছে, যারা দেশ ছাড়বে তাদের জন্য নিরাপদ ও বৈধ অভিবাসনের ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের সঙ্গে পুণরায় একত্রিত হওয়ার সুযোগ রাখতে হবে।
