কুয়েত আরও জনশক্তি নিতে চায়: রাষ্ট্রদূত
বাংলাদেশ থেকে কুয়েত আরও জনশক্তি নিতে চায় বলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ হায়াত।
বুধবার কুয়েতের রাষ্ট্রদূত সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কুয়েতের রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশী কর্মী কুয়েতের বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত রয়েছে। তিনি কুয়েতের অর্থনীতির চাকাকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ থেকে আরও জনশক্তি আমদানির আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, স্বল্প সময়ের মধ্যে কুয়েতের আমির বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে। তার সফরের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ব্যবসা, বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
কুয়েতের রাষ্ট্রদূত আরও বলেন, জ্বালানি তেল সমৃদ্ধ কুয়েতের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে বিদেশি জনশক্তির ওপর নির্ভরশীল।
সাক্ষাতের সময় স্পিকার বলেন, বাংলাদেশে বর্তমান জনসংখ্যার সবচেয়ে বড় অংশ যুব সমাজ। কর্মক্ষম এ যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে দেশকে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া সম্ভব। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত জনগণের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার এসময় কুয়েতের আমির ও সেদেশের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
