বিচারপতি শামসুদ্দিনের বক্তব্য প্রচার বন্ধের আবেদন খারিজ
অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ‘বিচার বিভাগ ও উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্নকারী’ বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রকাশ-প্রচার বন্ধে করা রিট আবেদনে সাড়া মেলেনি।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার ওই রিট আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী গত ২২ ফেব্রুয়ারি ওই রিট আবেদনটি করেন, যা মঙ্গলবার শুনানির জন্য ওঠে।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর যেসব বক্তব্য-বিবৃতি বিচার বিভাগ ও উচ্চ আদালতের ‘মর্যাদা ক্ষুণ্ন করে’ তা গণমাধ্যমে প্রকাশ-প্রচার বন্ধে নির্দেশনা ও রুল চাওয়া হয় ওই আবেদনে।
তথ্য সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে ওই আবেদনে বিবাদী করা হয়।
আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী সাইদুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট রিট আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।”
অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কের মধ্যে বিচারপতি শামসুদ্দিন প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ কাজ করার অভিযোগ তোলার পর ওই রিট আবেদন করা হয়।
রিট আবেদন করার পর জুলফিকার আলী সাংবাদিকদের বলেছিলেন, জনমনে বিভ্রান্তি এড়াতে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুযায়ী তিনি এর প্রতিকার চেয়েছেন।
অবসরপ্রাপ্ত এই বিচারক বিচার বিভাগকে বিতর্কিত করছেন অভিযোগ করে তাকে গ্রেপ্তারের দাবিও তুলেছে বিএনপি।
