২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ডের আসামিকে যাত্রীবাহী বাসে চড়িয়ে ৩ পুলিশ প্রত্যাহার

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর দুই আসামিকে যাত্রীবাহী বাসে চড়িয়ে থানায় নেওয়ায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 01:26 AM

Updated : 20 Aug 2022, 11:56 AM

এরা হলেন- মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমান, কনস্টেবল মোতালেব ও আব্দুল লতিফ।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি চুরির মামলার দুই আসামিকে সোমবার আদালতে হাজির করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর হয়।

“পরে পুলিশের ‘রিক্যুজিশন’ করা একটি অটোরিকশায় আসামিদের নিয়ে রওয়ানা হয় পুলিশ সদস্যরা। শাহবাগ আসার পর প্রচণ্ড যানজটে পড়তে হয়।”

ওই সময় ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি না নিয়েই ওই পুলিশ সদস্যরা আসামিদের ‘লোকাল’ বাসে করে থানায় নিয়ে আসেন বলে জানান তিনি।

দ্রুত থানায় পৌঁছাতে তারা তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেছেন ওই তিন পুলিশ সদস্য।

এই ঘটনায় ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় জিডি করা হয়েছে বলে জানান ওসি জামাল উদ্দিন মীর।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, তাদের উদ্দেশ্য অসৎ ছিল না। তবে এটা সত্য যে, তারা নিয়ম ভেঙেছে,” বলেন তিনি।