আইএস জড়িয়ে মনগড়া খবর সাইটের: পুলিশ
বাংলাদেশে সাম্প্রতিক কিছু আলোচিত হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের সংশ্লিষ্টতার খবর মনগড়া দাবি করে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্সের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশের সন্ত্রাসবাদ দমন বিভাগ।
আগের দিন পঞ্চগড়ে হিন্দু ধর্মগুরু খুনে আইএসের দায় স্বীকারের খবর ওয়েবসাইটটি জানানোর পর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম সোমবার এ প্রশ্ন তুলেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাইট ইন্টেলিজেন্স একটি লাভজনক প্রাইভেট কোম্পানি। তারা বিভিন্ন জায়গায় নিউজ বিক্রি করে। আমেরিকায় বসে সাইট ইন্টেলিজেন্স শুধু কথিত আইএসের খবর পায়। বাংলাদেশের কোনো মিডিয়া বা বিশ্বের কোনো মিডিয়া এই খবর পায় না।
“আমরা জানি না তারা (সাইট ইন্টেলিজেন্স) কে বা কাদের স্বার্থে এ ধরনের মনগড়া তথ্য সরবরাহ করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে।”
সাইটের খবর নিয়ে নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে গোয়েন্দ কর্মকর্তা মনিরুল বলেন, “তারা আগেও নিজেদের মনগড়া রিপোর্ট প্রকাশ করেছে বিভিন্ন সময় এবং তদন্তকালে ‘অন গ্রাউন্ডে’ আপনারা আছেন, আমরা আছি। আমরা তদন্ত করি আপনারা পাশাপাশি এক ধরনের তদন্ত করেন ঘটনাগুলো নিয়ে।
“অতীতের ঘটনাগুলো যদি আমাদের তদন্তের সঙ্গে মিলিয়ে আপনারা দেখেন। কোন কোন ঘটনায় সাইট ইন্টেলিজেন্স দায় স্বীকারের খবর দিয়েছিল, সে সব ঘটনায় আসামি গ্রেপ্তার হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।”
এসব আসামিদের অনেকের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন আস্তানা থেকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক- বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথাও স্মরণ করিয়ে দেন মনিরুল।
“কিন্তু তারা সেসব মামলায় নিজেদের জেএমবি পরিচয় দিয়েছে কিংবা অন্য কোনো পরিচয় দিয়েছে। তারা কখনও আইএসের সাথে তাদের সম্পর্ক আছে তা পুলিশের কাছে বা আদালতে স্বীকার করেনি।”
আইএসের দায় স্বীকারের এই খবর এসেছে সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে
“যে লোকটি আমি হত্যা করেছি-এই দায় স্বীকার করতে পারে, তার সঙ্গে আইএসের সম্পর্ক আছে তাতো স্বীকার করতে বাধা নেই। সে তো গর্বের সঙ্গে আইএসের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করবে,” বলেন তিনি।
তবে কোনো ঘটনায়ই এমনটি হয়নি জানিয়ে তিনি বলেন, “কাজেই আগের ঘটনাগুলোতে দেখা যায় আইএস জড়িত নাই।”
পঞ্চগড়ের ঘটনায়ও শেষ পর্যন্ত সাইট ইন্টেলিজেন্সের খবর ভিত্তিহীন হবে বলে মনে করেন মনিরুল ইসলাম।
“এই যে ঘটনা (পঞ্চগড়ের) ঘটেছে সেটিও দেখবেন। এটিরও তদন্ত হবে, আসামিরা ধরা পড়বে। তথন দেখতে পারবেন তারা কারা।”
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ধারে রোববার সকালে মঠে ঢুকে অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারী ছিল তিনজন, তারা এসেছিল মোটর সাইকেলে এবং তাদের কাছে ধারাল অস্ত্রের সঙ্গে আগ্নেয়াস্ত্রও ছিল।
গত বছর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা, বগুড়ায় শিয়া মসজিদে এবং ঢাকায় শিয়া সমাবেশে হামলার পরও আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
তবে এগুলোর কোনোটায় আইএসের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, বাংলাদেশকে ‘আফগানিস্তান বা পাকিস্তানের মতো’ ব্যবহার করার জন্য সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যা ও হামলার পেছনে আইএস থাকার স্বীকারোক্তি দিতে ‘চাপ’ আসছে।
