মেলায় নতুন বই ২৩৯৬টি, একুশের মাত্র ১০
অমর একুশে বইমেলা, বাঙালির জাতীয়তাবাদী চেতনার উন্মেষের যে আন্দোলন নিয়ে বইমেলার নামকরণ সেই মেলায় অপ্রতুল ভাষা সংগ্রাম নিয়ে বের হওয়া বইয়ের সংখ্যা।
এবার মেলায় শনিবার পর্যন্ত নতুন বই এসেছে দুই হাজারের বেশি, যার মধ্যে এ বিষয়ের বই মাত্র ১০টি।
একুশে ফেব্রুয়ারি নিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন মেলা আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
তার মতে, ভাষা আন্দোলন নিয়ে অনেক লেখালেখি হলেও সেই তুলনায় বই আকারে প্রকাশ পাচ্ছে কম।
তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একুশ নিয়ে লেখা কম হচ্ছে না। প্রতিবছরই ফেব্রুয়ারি মাসে অনেক গুণীজন ভাষা আন্দোলন নিয়ে প্রবন্ধ ও নিবন্ধ লেখেন। কিন্তু সেগুলো বই আকারে কম বের হচ্ছে।
“এ বিষয়ে আরও বই বের হওয়া উচিত। এজন্য আমরা বাংলা একাডেমি থেকে এ বছর ভাষা আন্দোলনের ওপর একটি এবং আগামী বছর পাঁচটি বই প্রকাশ করা্র সিদ্ধান্ত নিয়েছি।”
বাংলা একাডেমি থেকে পাওয়া নতুন বইয়ের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বইমেলায় ২০ দিনে নতুন বই এসেছে মোট দুই হাজার ৩৯৬টি। তার মধ্যে ভাষা আন্দোলন বিষয়ক বইয়ের সংখ্যা মাত্র ১০টি। শতকরা হিসাবে আধা শতাংশও হয় না সেটা।
মাহবুবুল হকের লেখা ‘ভাষার লড়াই থেকে মুক্তিযুদ্ধ’ এবার বইমেলায় এনেছে অনুপ্রম প্রকাশনী।
এবার ভাষা আন্দোলন নিয়ে প্রকাশিক বইয়ের সংখ্যা ১০টি শুনে বিস্ময় প্রকাশ করেন প্রকাশনীর মালিক মৃণাল কান্তি নাথ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে তো ভেবে দেখিনি। প্রয়োজনের তুলনায় সংখ্যাটা আসলেই কম।
“পাঠকরা হয়তো এ বিষয়ে বইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। ভাষা আন্দোলন নিয়ে বই লেখা ও প্রকাশের জন্য সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা উচিত।”
এবার মেলায় ভাষা আন্দোলন নিয়ে লেখা নতুন বইয়ের মধ্যে রয়েছে- মধ্যমা প্রকাশনী থেকে ভাষা সংগ্রামী আহমদ রফিকের ‘একুশের দিনলিপি’, আহমদ পাবলিশিং থেকে আবুল কাশেম ফজলুল হকের ‘রাষ্ট্রভাষা আন্দোলনের দলিলপত্র’, আগামী প্রকাশনী থেকে অধ্যাপক ভাষা সংগ্রামী ড. রফিকুল ইসলামের ‘বাংলাদেশের সাহিত্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ’, ময়ূরপঙ্খী থেকে একই লেখকের ‘বাংলা ভাষা আন্দোলন’, আগামী প্রকাশনী থেকে মোনায়েম সরকারের ‘মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের গান’, জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ‘ভাষা আন্দোলনের দলিল সংকলন’, নালন্দা প্রকাশনী থেকে এমআর মাহবুবের ‘রাষ্ট্রভাষা আন্দোলন’ ও ’ভাষা সংগ্রামের স্মৃতি’ এবং পিয়াল পাবলিশিং থেকে জাহানারা তোফায়েলের ‘আমার স্মৃতিতে ভাষা আন্দোলন’।
