নির্যাতনের অভিযোগ: বৃদ্ধা গৃহকর্মীকে ফেরত দিলেন সরকারি কর্মকর্তা
বাসার বৃদ্ধা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর পুলিশের মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে তাকে তার পরিবারে কাছে হস্তান্তর করেছেন সরকারি কর্মকর্তা রবিউল ইসলাম।
শুক্রবার মধ্যরাতে বেইলি স্কোয়ারের অফিসার্স কোয়ার্টারের বাসায় গৃহকর্মী জাহানারাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে রমনা থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুইপক্ষ কাগজে লিখিতভাবে জানায়, তাদের পরস্পরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই।”
জ্যেষ্ঠ সহকারী সচিব রবিউল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্লানিং অ্যান্ড প্রোগ্রামিং বিভাগের উপপ্রধান হিসেবে কর্মরত। তার স্ত্রী সোমা ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা।
পরিবারে কাছে ফিরে গিয়ে জাহানারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমারে ওরা প্রচুর মারধর করতো। একমাত্র ছেলের সঙ্গে দেখা তো দূরে থাক একবার কথাও বলতে দিতো না। আমি বুড়া বয়সে যেই মারধর খাইছি আল্লাহ জানি কারও কপালে তা না রাখে।
“ওরা আমারে বাসায় একা তালা মেরে ঢাকার বাইরেও চলে যেত। কথায় কথায় ডাইন, ফকিরনি বলে গালিগালাজ করতো। কিছু বলতে গেলেই মুখ চেপে ধরে মারধর করত।”
তবে অভিযোগ অস্বীকার করে রবিউল ইসলাম বলেন, “কাউকে মারধর করলে তিন বছর কীভাবে বাসায় কাজ করল? জাহানারার সব অভিযোগ মিথ্যা।
কিশোরগঞ্জের পাসতা গ্রামের জাহানারা (৬০) ওই দম্পতির বাসায় তিন বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন।
তার ছেলে স্থানীয় তরকারি ব্যবসায়ী বাচ্চু শুক্রবার বিকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রবিউলের স্ত্রী ও ছেলে তার মাকে বাসায় আটকে রেখে প্রায়ই মারধর করতেন।
শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে বেইলি স্কোয়ারের অফিসার্স কোয়ার্টারের ২ নম্বর বিল্ডিংয়ের পাঁচ তলার ডান দিকের রবিউল ইসলামের বাসা তালাবদ্ধ দেখা যায়। বাড়ির রান্নাঘর থেকে দুটি হাত নাড়তে দেখা যায়।
ওই কোয়ার্টারে প্রবেশ পথের বিপরীতেই রয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়।
ঘটনাস্থলে গৃহকর্মীর ছেলে বাচ্চু সাংবাদিকদের জানান, তিন বছর আগে তার মা বাড়ি থেকে ঢাকায় এসে সোমার ভাবী ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা সাথীর মাধ্যমে তাদের বাসায় কাজ নেন।
তিনি বলেন, রবিউলের বাসায় কখনো মায়ের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। সাথীর বাসায় মায়ের বেতনের টাকা নেওয়ার সময় দুবার তাকে মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়।
বৃহস্পতিবার রবিউলের ব্যক্তিগত গাড়ির চালক মো. আনোয়ার হোসেনের মোবাইল ফোন থেকে জাহানারার সঙ্গে তার কথা হয় বলে জানান বাচ্চু।
