সরকারি কর্মকর্তার বাসায় বৃদ্ধা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ
রাজধানীর বেইলি রোডে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় এক জ্যেষ্ঠ সহকারী সচিবের বাসায় বৃদ্ধা গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।
অভিযোগের মুখে থাকা রবিউল ইসলাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্লানিং অ্যান্ড প্রোগ্রামিং বিভাগের উপপ্রধান হিসেবে কর্মরত। তার স্ত্রী সোমা ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা।
কিশোরগঞ্জের পাসতা গ্রামের জাহানারা (৬০) ওই দম্পতির বাসায় তিন বছর ধরে গৃহকর্মীর কাজ করেন।
তার ছেলে স্থানীয় তরকারি ব্যবসায়ী বাচ্চু সাংবাদিককদের কাছে অভিযোগ করেছেন, রবিউলের স্ত্রী ও ছেলে তার মাকে বাসায় আটকে রেখে প্রায়ই মারধর করতেন।
মারধরের কথা উল্লেখ না করে ‘জাহানারাকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না’ বলে অভিযোগ পাওয়ার কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
তবে বাসায় আটকে রেখে জাহানারাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন সড়ক বিভাগের কর্মকর্তা রবিউল ইসলাম।
শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে বেইলি স্কোয়ারের অফিসার্স কোয়ার্টারের ২ নম্বর বিল্ডিংয়ের পাঁচ তলার ডান দিকের রবিউল ইসলামের বাসা তালাবদ্ধ দেখা যায়। বাড়ির রান্নাঘর থেকে দুটি হাত নাড়তে দেখা যায়।
ওই কোয়ার্টারে প্রবেশ পথের বিপরীতেই রয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়।
ঘটনাস্থলে গৃহকর্মীর ছেলে বাচ্চু সাংবাদিকদের জানান, তিন বছর আগে তার মা বাড়ি থেকে ঢাকায় এসে সোমার ভাবী ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা সাথীর মাধ্যমে তাদের বাসায় কাজ নেন।
তিনি বলেন, রবিউলের বাসায় কখনো মায়ের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। সাথীর বাসায় মায়ের বেতনের টাকা নেওয়ার সময় দুবার তাকে মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়।
বৃহস্পতিবার রবিউলের ব্যক্তিগত গাড়ির চালক মো. আনোয়ার হোসেনের মোবাইল ফোন থেকে জাহানারার সঙ্গে তার কথা হয় বলে জানান বাচ্চু।
“মা কান্না করে বলে, আমার শরীর কাঁপে, এখানে আমাকে মারধর করা হয়। আমাকে বাড়ি নিয়ে চল।
“ঢাকায় এসে আনোয়ারের মাধ্যমে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েও পারিনি। উল্টো এক দারোয়ান গাড়িচালককে মারধর করেছেন।”
গাড়িচালক আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসার বৃদ্ধ গৃহকর্মীকে প্রায়ই বাড়ির মালিকের স্ত্রী ও তার ছেলে কিশোর সিজন মারধর করতেন। পরিবারের কারও সঙ্গে ওই নারীকে কথা বলতে দেওয়া হতো না।
“ওই বৃদ্ধা মহিলা তার ছেলের নম্বর আমাকে দিয়ে হাত ধরে কান্নাকাটি করলে আমি তার ছেলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেই।”
বেইলি স্কোয়ারের অফিসার্স কোয়ার্টারের ২ নম্বর বিল্ডিংয়ের পাঁচ তলার ডান দিকের রবিউল ইসলামের বাসার রান্নাঘর থেকে গৃহকর্মীকে দুই হাত নাড়তে দেখা যায়।
ওই বাসার মালিক বাচ্চুকে তার মায়ের সঙ্গে দেখা করতে দেন না বলে অভিযোগ পেয়েছেন বলে জানান তিনি।
শরীফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিনিয়র সহকারি সচিব রবিউল ইসলাম বাসায় নেই। তার সঙ্গে মোবাইলে কথা হয়েছে। রাত ১০টার দিকে তার বাসায় বিষয়টি মীমাংসা করা হবে।”
মোবাইলে ফোনে কল করে এবিষয়ে জানতে চাইলে রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বাসার বাইরে একটি অনুষ্ঠানে আছি। আপনারা কীভাবে আমার সঙ্গে যোগাযোগ না করে বাসায় চলে আসলেন।
“কাউকে আমরা বাসায় বন্দি করে নির্যাতন করিনি।”
বাসায় গৃহকর্মীকে একা তালাবদ্ধ করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা তো বাসায় কেউ নাই। তাই তাকে তালাবদ্ধ করে বাসার বাইরে যেতে হয়েছে।”
পরে রাত পৌনে ১১টার দিকে রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে মোবাইলে ফোন করে বলেন, জাহানারাকে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পর পরই জাহানারার ছেলে বাচ্চুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, “স্যার, তারা আমাদের ছাড়ে নাই। উল্টা আমার থেকে দশ হাজার টাকা দাবি করছে। আমি বিপদে আছি স্যার।”
ওই সময়ে মোবাইলের অপর প্রান্ত থেকে কান্নার শব্দ শোনা যায়। এরপর তার মোবাইলের লাইন কেটে যায়।
পরে আবারও রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “ওদের এখনো বুঝিয়ে দিতে পারিনি। আপনার সঙ্গে আধঘণ্টা পর মোবাইলে কথা হবে।”
জানতে চাইলে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, “দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। শান্তিপূর্ণভাবে যেন সমস্যার সমাধান হয়, পুলিশ সেই চেষ্টা করছে।”
