২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ সময়ে ‘বাকি গল্প’ লিখতে চান মুহিত

ফুরিয়ে আসা জীবনের বাকি সময়ে অতীতের কথাগুলো লিখে যেতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 10:38 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

পুরনো খবর:

‘সোনালী দিনগুলি’তে মন্ত্রী মুহিতের জীবনকথা

শুক্রবার জীবনের প্রথম ২২ বছর নিয়ে রচিত আত্মজীবনী ‘সোনালি দিনগুলি’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। শুক্রবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

প্রস্তুতি অনেকদিনের হলেও আবুল মাল আবদুল মুহিত এই জীবনীখণ্ডের মূল লেখালেখিটা করেন গত বছরের প্রথম ১০ মাসে।

‘সোনালী দিনগুলি’ নামের ২৩৬ পৃষ্ঠার এই বইটিতে শৈশব, কৈশোর এবং ছাত্রজীবনের পুরো সময় ধরেছেন ৮৩ বছর বয়সী মুহিত।

১৯৩৪ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশের মোট নয়টি এবং টানা সাতটি জাতীয় বাজেট দেয়া মুহিত বইটির শেষে লিখেছেন, “আমার হিসাবে ঢাকায় সলিমুল্লাহ হলে পাঁচ বছর নয় দিন অবস্থান করে আমার ছাত্রজীবনের সমাপ্তি ঘটে। এবং নিয়মিত চাকরি জীবনের শুরু হয়।

“আমার ছেলেবেলার এবং ছাত্রজীবনের কাহিনী শেষ করার এখনই হল যুক্তিযুক্ত সময়। আমার স্মৃতিকথার প্রথম বইটি আমি এখানেই শেষ করছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অর্থমন্ত্রী বলেন, “আমি আমাকে নিয়ে আরও দুটি বই বের করবো। ১৯৫৭ থেকে ১৯৭১ এবং ১৯৭১ থেকে পরবর্তী সময় নিয়ে বের হবে সে দুটি বই।”

তার একটির চারটি অধ্যায় এরই মধ্যে লেখা হয়েছে বলে অনুষ্ঠানে জানান মুহিত।

আলোচকদের বেশ কয়েকজন দ্রুত তার আত্মজীবনীর বাকী অংশ পড়ার ইচ্ছার কথা জানান। জবাবে অর্থমন্ত্রী বলেন, “লিখছি, লিখে যেতে চাই।”

গত বছর লেখা শুরুর সময়কার অনুভূতির প্রসঙ্গ তুলে মুহিত বলেন, “লিখতে চাইতাম। কিন্তু মনে হতো, কী করে এটা লিখবো? এখন সুযোগ নাই, সময় নাই। হঠাৎ করে মনে হলো, আমার দিনতো প্রায় সীমিত।

“২৫ জানুয়ারিতে আমি ৮২ বছরে পৌঁছবো। তখন মনে হলো, কোনোভাবে, কোনো ফাঁকে আমার এটা বের করা উচিৎ এবং লিখতে শুরু করা প্রয়োজন। আমার উদ্যোগটা মোটামুটি সফল হয়। অন্তত ২২ বছরের কাহিনী লিখতে সক্ষম হয়েছি।”

লেখার ইচ্ছা পোষণ করলেও এক পর্যায়ে মন্ত্রী বলেন, “অক্টোবরের পরে আমি চারটি অধ্যায় করতে পেরেছি। ১৯৬২ সাল পর্যন্ত শেষ করতে পেরেছি। কতটুকু হবে- সেটা আমি নিজেও জানি না।”

অনুষ্ঠানে মুহিতের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “আমরা যখন কেবিনেট মিটিংয়ে বসি, তখন নানা বিষয়ে আলোচনা করি, আর উনি লিখেই চলেছেন। এই হলো মুহিত ভাই।

“তিনি সবকিছুরই নোট রাখেন। একবার তিনি আমাকে ৪০ বছর আগের একটা চিঠি দেখান। সেই চিঠির গল্পটিও আমাকে বলেন। আমি আশ্চর্য হই, এত স্মরণশক্তি কীভাবে মানুষের হয়।”

তিনি বলেন, “আমরা যারা রাজনীতি করি, তারা চলে যাওয়ার পর কিছু থাকে না। মুহিত ভাই’র থাকে।”

ব্যস্ততার মাঝেও আবুল মাল আবদুল মুহিতের সামাজিক সম্পর্ক রাখার প্রসঙ্গ তুলে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “২০০১ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রচারের কিছু কাজ আমরা একত্রে করেছি। ভাবীর হাতের রান্নার লোভে আমরা কেবল ওনার বাসায় মিটিং ডাকতাম।

“এরপর কত লোক নিয়ে তার সাথে আলাপ হয়েছে। যার কথাই বলি, হয়তো ভাইকে তিনি চাকরি দিয়েছেন, চাচাকে পড়াশোনায় সহযোগিতা করেছেন। সব মানুষকেই তিনি চিনেন। এত ব্যস্ত মানুষের এত সামাজিক সম্পর্ক রাখা কীভাবে সম্ভব?”

মানুষকে গল্প বলার যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়েই আবুল মাল আবদুল মুহিত তার ‘সোনালি দিনগুলি’ বইটি লিখেছেন বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী নূর।

তিনি বলেন, “বাকি অংশও পড়তে চাই। আর সেটা লিখতে হলে তাকে শতায়ু পেতে হবে। তিনি শতায়ু পান।”

অধ্যাপক রেহমান সোবহান অর্থমন্ত্রী মুহিতের আত্মজীবনীর পরের দুই খণ্ডও পড়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “তাকে আমি সক্রিয় থাকতেই দেখে এসেছি। অর্থমন্ত্রীর মতো পদে থেকেও তিনি খুবই অল্প সময়ে এটা লিখেছেন, যাতে তার এবং তার প্রজন্মের কথা উঠে এসেছে।

“আশা করি, বাকি অংশও লেখার শক্তি তার থাকবে, আমারও শক্তি থাকবে সেটাতে মন্তব্য করার।”

অধ্যাপক আনিসুজ্জামান বইটির প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, এটা একজন মানুষের বড় হওয়ার কাহিনী এবং একটা সামাজিক দলিল।

অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিতকে ‘চিরশিশু’ হিসেবে অভিহিত করে কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, “আজ আমরা শিশু একাডেমিতে একজন চিরশিশুর জীবনীর মোড়ক উন্মোচন করলাম। তার ডাকনামও শিশু। তার হাসিটাও ল্যান্ডমার্ক হাসি। তার ভেতরের শিশুসুলভ বিষয় হাসির মধ্যে ফুটে উঠে।”

মুহিতের প্রশংসায় তিনি আরও বলেন, “মানুষের জীবন বহুমাত্রিক। এই বহুমাত্রিক জীবনকে অনেকে একমাত্রিক করে ফেলে। এটা ঠিক না। তিনি এই বহুমাত্রিকতা বজায় রেখেছেন। সবক্ষেত্রেই সফলতার স্বাক্ষর রেখেছেন।”

বইটিতে অর্থমন্ত্রী মুহিত ‘রাজনীতিতাড়িত সংক্ষুব্ধ দেশের মূল্যবান সময়কে’ তুলে ধরেছেন বলে মনে করেন শিল্পী হাশেম খান।

“যখন এই আত্মজীবনী জনকণ্ঠে প্রকাশ শুরু হয়, তখনই মনে হয়, এটি কোনো গতানুগতিক আত্মজীবনী নয়। প্রাঞ্জল ভাষায় তিনি তার অভিজ্ঞতা ও অর্জনের কথা বলেছেন।

“সেই সময়কার রাজনীতিতাড়িত সংক্ষুব্ধ দেশের মূল্যবান সময়কে তিনি তুলে এনেছেন।”

আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং ছড়াকার ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, মুহিতের স্কুলবন্ধু নাসির এ চৌধুরী, জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক এনামুল হক, ড. মনিরুজ্জামান, মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ ও চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।

অনুষ্ঠানে দর্শক সারিতে ছিলেন অর্থমন্ত্রীর স্ত্রী সাবিয়া মুহিত এবং মেয়ে সামিনা মুহিত।