২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মোবারককে কোপানো ছাত্রলীগকর্মীদের গ্রেপ্তার দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক কাজী মোবারক হোসেনকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 09:54 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সর্বস্তরের সংবাদকর্মী’দের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে না দেখার আহ্বান জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

“এ ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। প্রকাশ্যে দিবালোকে এ নৃশংস্ব হামলায় জড়িত ও ইন্ধনদাতাদের অবিলম্বে শাস্তির সম্মুখীন করতে হবে।অন্যথায় গণমাধ্যমের ওপর অপশক্তিদের ক্রমাগত আক্রমণকে আরও উসকে দেওয়া হবে।”

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এই সাংবাদিক আরও বলেন, ‍“এমন ন্যাক্কারজনক ঘটনার পর আমাদের মানববন্ধনে দাঁড়াতে হয়, এটি লজ্জাজনক।কেবল সাংবাদিক হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও মোবারক এ ঘটনায় ন্যায়বিচার আশা করতে পারেন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী মোবারক গত সোমবার সনদপত্র তুলতে ক্যাম্পাসে গিয়ে ফেরার পথে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন।

পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামের কর্মী শিক্ষার্থী ইমরান বিশ্বাসের নেতৃত্বে পাঁচ ছাত্রলীগ কর্মী চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক এই সভাপতির ওপর এ হামলা চালায়।

ইমরানের চাপাতির কোপে মোবারকের ডান চোখের উপরের অংশ জখম হয়।এছাড়া এলোপাথারি আঘাতে তার পিঠ, মাথা, ঠোঁট ও পাঁয়েও জখম হয়।

এসময় তাকে উদ্ধার করতে গিয়ে সঙ্গে থাকা অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের স্টাফ রিপোর্টার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান আহমেদ অপুও মারধরের শিকার হন।

পরে আহত মোবারককে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) চিকিৎসা দেওয়া হয়।

Image
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক কাজী মোবারক হোসেন

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ইন্ধনে এ হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান আহমেদ অপু। এছাড়া প্রধান হামলাকারী ইমরান বিশ্বাসকে ঘটনাস্থলেই ধরে ফেলা হলেও ছাত্রলীগের ওই দুই শীর্ষ নেতা তাকে ছাড়িয়ে নিয়েছিলেন।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যায়ই আইন বিভাগের শিক্ষার্থী ইমরান বিশ্বাসকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা করেন মোবারক।

এ বিষয়ে ঘটনার পাঁচদিনেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা না গেলেও প্রাথমিক তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ইমরান বিশ্বাসকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়াও তদন্ত কমিটি গঠন করে জড়িত অন্য হামলাকারীদের চিহ্নিত করে স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।

মানবন্ধনে বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও আমার’র সাংবাদিক আতিয়ার রহমান বলেন, ‍“দুইজন সাংবাদিকের ওপর এভাবে প্রকাশ্যে চাপাতি হাতে আক্রমণ করা দুঃখজনক। দ্রুত অভিযুক্ত সন্ত্রাসী ও তাদের ইন্ধনদাতাদের শাস্তি না দেওয়া হলে তা ওই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মধ্যেও ভীতির সঞ্চার করার পাশাপাশি অপরাধীদের আরও আক্রমণাত্মক হতে উৎসাহিত করবে।’

মানববন্ধনে সাংবাদিক আহমেদ নূর, এস এম আতিক হাসান, আশিক মাহমুদ, শাহনেওয়াজ সুমনসহ অন্যরা ব্ক্তব্য রাখেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরাও এতে অংশ নেন।