বইয়ের মেলায় স্পর্শে পাঠ
প্রাণের মেলায় বই পড়ার আনন্দ থেকে বাদ যাচ্ছেন না দৃষ্টিপ্রতিবন্ধীরাও; তাদের জন্য নির্দিষ্ট স্টলে এসে হাতের স্পর্শে নিজেদের পড়ার স্বাদ মেটাচ্ছেন তারা।
স্টলের সামনে যারাই আসেন তাদেরকে চমৎকার উচ্চারণে পড়ে শুনিয়ে তারা সবাইকে আগ্রহীও করে তুলছেন।
মেলার পুরো সময় এমন পড়া চলতে দেখা যায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই নিয়ে আসা ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’র স্টলে। বাংলা একাডেমির নভেরা প্রদর্শনালয়ের ঠিক সামনে এই স্টলের অবস্থান।
ঢাকার বদরুন্নেসা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী লিপি, তৃষ্ণা ও তামান্না আক্তার। ব্রেইল বই পড়তে ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’র স্টলে এসেছিলেন তারা।
তাদের একেকজন একেকটি বই পড়ে মুগ্ধ করছিলেন সবাইকে। তৃষ্ণার হাতে যখন সৈয়দ শামসুল হকের ‘বঙ্গবন্ধুর বীরগাথা’ ব্রেইল বই, তখন তামান্না পড়ছিল নাজিয়া জাবীনের ‘ছড়ার তালে মন দোলে’।
“আমরা পড়তে অনেক ভালোবাসি। কিন্তু বই তো তেমন পাই না”, কণ্ঠে অনুযোগ তার।
স্পশ ব্রেইলের স্টলে মেলায় প্রতিদিনই আসেন দৃষ্টি প্রতিবন্ধী রিপা তাবাসসুম। ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষে পড়ছেন তিনি।
তার সঙ্গে যখন কথা হয় তখন রিপা পড়ছিলেন ব্রেইলে প্রকাশিত নাজিয়া জাবীনের বই ‘গল্পে গল্পে শেখা’।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি পড়তে অনেক ভালোবাসি। পাঠ্যবই কিছু পেলেও ভাল বইতো তেমন পাই না। আমরা আরও অনেক অনেক সাহিত্যের বই ব্রেইলে চাই।”
হুইল চেয়ারে চেপে মেলায় স্পর্শ ব্রেইল প্রকাশনার সামনে আসেন শারীরিক প্রতিবন্ধী মঈন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সহকারী হিসাব নিরীক্ষককে স্টলের দিকে স্বাগত জানান প্রকাশনাটির প্রতিষ্ঠাতা লেখক নাজিয়া জাবীন।
‘মেয়েরা শোন, তোমাদের সঙ্গে একজন ভাই কথা বলতে এসছেন’ আহ্বান জানিয়ে তিনি মঈনকে বলেন, “আপনি আপনার পরিচয় দিন। ওদের সঙ্গে কথা বলেন।”
মঈন তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন, তাদের খোঁজখবর করেন এবং পড়া শোনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন “আমাদের মতো যারা আছে, সকলের জন্যই আলাদা ব্যবস্থা থাকা দরকার। আর দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যাপার তো বিশেষভাবে দেখা উচিত।”
মঈন বিদায় নেওয়ার সময় ২২ তারিখে তাদের একটি প্রকাশনা অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান তৃষ্ণা ও রিপা।
স্টলের দেখভালের দায়িত্বে থাকা স্পর্শ’র উদ্যোক্তা নাজিয়া জাবীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ স্টলে কোনো বই বিক্রি হয় না। দৃষ্টিহীনরা প্রতিদিনই এখানে পড়তে এসে নিবন্ধিত হচ্ছেন।”
স্পর্শ ব্রেইল প্রকাশনার ৩৫টি বইয়ের মধ্যে এ বছর চারটি নতুন বই এসেছে,যার মধ্যে সৈয়দ শামসুল হকের ‘বঙ্গবন্ধুর বীরগাথা’, লুত্ফর রহমান রিটনের ‘লিলিপুটের ছোট ভাই’, নাজিয়া জাবীনের ‘কনি বনি মনি’ এবং আফরোজা অদিতির ‘ইচ্ছার ডানা’ রয়েছে।
নাজিয়া জাবীন বলেন, “দৃষ্টিহীনদের বই পড়ার সুযোগ তেমন নাই। ব্রেইলে পাঠ্যবই কিছু থাকলেও সাহিত্যের বই নাই বললেই চলে। কিন্তু ওরা এসব বই পড়তে ভীষণ রকম পছন্দ করে।
“ভাল ভাল লেখকদের বইয়ের উদ্যোগ নেওয়া দরকার।”
দৃষ্টিহীনরা অনেক মেধাবী হয় মন্তব্য করে তিনি বলেন, “আমাদের স্লোগানও তাই, ‘মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়, মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ’।”
বৃহস্পতিবার একুশে বইমেলার অষ্টাদশ দিনে মানুষের সমাগম অন্য দিনের তুলনায় কিছুটা কম দেখা যায়। তবে সে তুলনায় বিক্রি অনেক বেশি বলে জানিয়েছেন প্রকাশনা সংস্থা সংশ্লিষ্টরা।
মেলায় এদিন নতুন বই এসেছে ৯৪টি।
এর মধ্যে গল্পের বই ছয়টি, উপন্যাস ১৫টি, প্রবন্ধ ১৪টি, কবিতা ২৯টি, গবেষণা ৩টি, ছড়া ৪টি, শিশুসাহিত্য ৪টি, জীবনী ৩টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধ ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ২টি, চিকিৎসা স্বাস্থ্য ১টি, রম্য/ধাঁধার বই একটি, ধর্মীয় বই একটি এবং অন্যান্য বিষয়ে এসেছে আরও ছয়টি বই।
১৮ দিন মিলিয়ে মোট নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৩টি।
এদিন মেলার মূলমঞ্চে হয় আহসান হাবীব জন্মশতবার্ষিকী শীর্ষক আলোচনা সভা।
লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন তারেক রেজা। আলোচনায় অংশ নেন কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি অসীম সাহা, কবি নাসির আহমেদ এবং ড. অনু হোসেন।
