হিজড়াদের নিয়ে ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গির’ পরিবর্তন চান আনিসুল
হিজড়াদের সম্পর্কে ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি’ পরিবর্তন করতে সুশীল সমাজসহ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার রাজধানীতে ‘যৌন সংখ্যালঘু’ জনগোষ্ঠীর ‘মানবতা-মানবাধিকার-স্বাস্থ্য সেবা ও সামাজিক ন্যায় বিচারে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের উদ্দেশে মেয়র বলেন, “আমাদের মধ্যে আপনাদের নিয়ে ভীতি ও নেতিবাচক ধারণা রয়েছে। আমরা আপনাদের সম্পর্কে জানি না।”
হিজড়া জনগোষ্ঠীকে প্রতিষ্ঠিত করা সমাজের সবার দায়িত্ব মন্তব্য করে এ বিষয়ে হিজড়া গুরুদেরও (হিজড়াদের তত্ত্বাবধানে থাকা বয়োঃজ্যেষ্ঠ হিজড়া) এগিয়ে আসার আহ্বান জানান আনিসুল হক।
“এই জনগোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের সবার। হিজড়া গুরুদেরও কাজ, নিজেদের শিষ্যদের মাঝে আত্মসম্মানবোধ জাগিয়ে তোলা।”
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডিএস) এর সহযোগিতায় বন্ধু সোশাল ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস) এই আলোচনা সভার আয়োজন করে।
বিএসডব্লিউএস বাংলাদেশে ১৯৯৭ সাল থেকে বিশেষভাবে ‘যৌন সংখ্যালঘু’ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন সময়ে তাদের সহযোগিতা দিয়ে থাকে।
সভায় আসা হিজড়ারা ‘আচার আচরণে আর দশটা ছেলে বা মেয়ের মত না হওয়ায়’ ছোটবেলা থেকে সমাজের বক্রদৃষ্টির পাশাপাশি পরিবারের স্নেহ বঞ্চিত হয় বলে জানায়।
এ বিষয়ে মেয়র আনিসুল বলেন, “আপনার সন্তান যদি হিজড়া হয়, তাদের পাশে থাকুন। সমাজ পরিবর্তন হতে বাধ্য।”
এছাড়া হিজড়া হওয়ার কারণে মানুষজন তাদের কাজ দিতে চায় না। ‘ভয়’ বা নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে বাসা ভাড়া নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার কথা শুনান হিজড়ারা।
কোথাও বাসা ভাড়া পেলেও তাদের কাছ থেকে অন্যদের তুলনায় বেশি ভাড়া রাখা হয় বলে অভিযোগ করেন তারা।
হিজড়াদের প্রতিনিধি অনন্যা বণিক বলেন, “এসব বৈষম্যের মধ্য দিয়েই আমাদের অনেকগুলো প্রজন্মের মৃত্যু হয়েছে। সময় এসেছে, আমাদের হাত ধরুন- আর দেরি করবেন না।
“আমাদের কাজ দিয়ে দেখুন, আমরা নিজেদের প্রমাণ করব।”
হিজড়ারা ‘চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ করে থাকে এমন অভিযোগের বিষয়ে অনুষ্ঠানে আসা এই জনগোষ্ঠীর প্রতিনিধিরা অভিযোগ করেন, অনেক সময় পাড়া-মহল্লার প্রভাবশালী লোকজনও প্রতিপক্ষের লোকজনকে হয়রানি করার জন্য তাদের দিয়ে জোরপূর্বক এসব আচরণ করিয়ে থাকে।
হিজড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে এই সমস্যা দূর করা সম্ভব বলে সভায় মন্তব্য করেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
তাদের কর্মসংস্থানের বিষয়ে চাকরিদাতাদের সচেতন করতে একটি আলোচনা সভা আয়োজনের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
মেয়রের এক প্রশ্নের জবাবে অনুষ্ঠানে আসা হিজড়ারা এই মুহূর্ত থেকেই যে কোনো ধরনের অফিসের আয়া বা পিয়নের মতো কর্মচারীর কাজ, ক্ষুদ্র ব্যবসা, রূপসজ্জাকর, গাড়ির চালক, কম্পিউটার অপারেটর, পেশাদার নৃত্যশিল্পী ও মডেল, তৈরি পোশাক খাতের শ্রমিক, নিরাপত্তারক্ষী হিসেবেও কাজ করার জন্য তৈরি রয়েছেন বলে জানান।
তবে হিজড়াদের দূরে ঠেলে না রেখে সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণে দিয়ে দক্ষ করে তুলতে পারলে ভবিষ্যতে এই জনগোষ্ঠী সমাজের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে বলেও মনে করেন অনেক আলোচক।
