২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল শরীরে’ বেঁচে থাকার ‘আইডি ক্ল্যাশ’

প্রতিনিয়ত ‘ভুল শরীরে বেঁচে থাকার’ অনুভূতি  আর সমাজের বক্রদৃষ্টির সামনে তৃতীয় লিঙ্গের মানুষের আত্মপরিচয়ের সঙ্কট, তাদের আকাঙ্ক্ষা আর হতাশার কথা তুলে ধরতে বাংলা আর ইউরোপের মেলবন্ধনে ঢাকায় চলছে পারফরম্যান্স আর্টের প্রদর্শনী ‘আইডি ক্ল্যাশ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 11:26 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যোয়েটে ইনস্টিটিউটের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় একাডেমির চিত্রশালা মিলনায়তনে বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী শনিবার পর্যন্ত চলবে।

বাংলাদেশের দুজন হিজড়া শিল্পী অনন্যা ও কথার পাশাপাশি জার্মানির বুরখার্ট ও মেলিসা মারিয়া গার্সিয়া নরইয়েগা এ প্রদর্শনীতে পারফর্ম করছেন। পরিচালনা করছেন জার্মানির নির্দেশক-কোরিওগ্রাফার এনজি হিসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আইডি ক্ল্যাশের শৈল্পিক প্রতীতি সাজানো হয়েছে পারফর্মিং আর্টের চারটি ভিন্ন মাধ্যম নিয়ে। এতে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তৃতীয় লিঙ্গের জীবনধারা।  গান, কবিতা, অভিনয়ে শিল্পীরা বলছেন তাদের চাওয়া-পাওয়া, সামাজিক বিড়ম্বনা আর নিজেদের দক্ষতা-যোগ্যতার কথা।

‘আইডি ক্ল্যাশ’ শিরোনামে পারফর্মিং আর্টের এই প্রজেক্টের শুরু ২০১০ সালে। ওই বছর এনজি হিসেল ও তার সহযোগী রোল্যান্ড কায়সার গ্যোয়েটে ইনস্টিটিউটের আমন্ত্রণে বাংলাদেশে একটি কর্মশালা পরিচালনা করেন। তখনই বাংলাদেশ ও ইউরোপের ট্রানস-জেন্ডার পারফর্মারদের নিয়ে একটি আন্তঃসাংস্কৃতিক প্রকল্পের ধারণা তৈরি হয় তাদের। 

এরপর ২০১৩ সালে আবারও ঢাকায় এসে ‘আইডি ক্ল্যাশ’ প্রকল্পের জন্য অনন্যা ও কথাকে নির্বাচন করেন এলজি হিসেল। 

তৃতীয় লিঙ্গের আর সব মানুষের মত ‘আইডি ক্ল্যাশ’ এর শিল্পীদেরও ব্যক্তিগত জীবনে আত্ম-পরিচয়ের সঙ্কটে ভুগতে হয়েছে; পড়তে হয়েছে বিড়ম্বনায়।

জার্মানির ট্রান্স জেন্ডার শিল্পী বুরখার্ট নিজেকে একজন নারী হিসেবেই ভাবতে চাইলেও সমাজ তাকে সেভাবে মানতে চায়নি।

“আমি একজন নারী, যার শারীরিক গঠন পুরুষের মতো। আমি যখন আমার নিজের লিঙ্গ পরিচয় জানতে পারলাম, তখন আমি তা কারও কাছে গোপন করিনি। এটা তো লজ্জার কিছু নয়।

“তবে হ্যাঁ, আমাকে নিয়ে কাছের মানুষেরাও বাজে কথা বলেছে। কেউ কেউ লিঙ্গ পরিবর্তনের পরামর্শ দিয়েছে। কিন্তু আমি নিজের সিদ্ধান্তে অটল থেকেছি। আর দশটা সাধারণ মানুষের মতো আমি নিজেকে যোগ্য প্রমাণ করতে চেয়েছি; তা পেরেছিও।”

এনজি হিসেল বলেন, “এই প্রদর্শনী মূলত পুরুষ থেকে নারী- এই ট্রানস-আইডেন্টিটির ওপর আলোকপাত করা হয়েছে। তাদের জীবনের প্রত্যয় ও রূপান্তরের বিভিন্ন পর্যায়ের দিকে সবার মনোযোগ আকর্ষণ করা হয়েছে।

“যখন কেউ জেন্ডার বাইনারি (দুই লিঙ্গ) ধারণা থেকে থেকে বের হয়ে আসতে পারবে, অসংখ্য সম্ভাবনা এবং লিঙ্গ ও যৌনতার স্বতন্ত্র মডেল প্রবর্তন হবে।”

নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মেলিসা মারিয়া নিজেকে পুরুষ চেহারার শরীরে প্রকৃতপক্ষে একজন নারী বলে মনে করছিলেন। কিন্তু পরিবার ও সমাজ তাকে ‘ভিন্ন চোখেই’ দেখছিল। আন্তর্জাতিক অঙ্গনে সফল এই নৃত্যশিল্পী শেষ পর্যন্ত নিজের লিঙ্গ পরিচয় ঠিক করে নিয়েছেন চিকিৎসকের ছুরির নিচে শুয়ে। এখন তিনি পুরোদস্তুর নারী।

একই রকমের গল্প বাংলাদেশের ‍নৃত্যশিল্পী অনন্যা ও কথার। ছেলেদের শারীরিক রূপ নিয়ে জন্ম নিলেও নিজেদের নারী বলে ভাবতে শুরু করেছিলেন। চলন-বলন নারীর মত বলে পরিবারের সদস্যরা একদিন তাদের এড়িয়ে চলতে শুরু করে। হিজড়া হওয়ায় ২২ বছর বয়সে অনন্যাকে ত্যাগ করে তার পরিবার।

তবে তাতে থেমে থাকেনি জীবন। শাস্ত্রীয় ও লোক‍নৃত্যে তালিমের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার হয়ে এইডস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন অনন্য। আর বাংলাদেশের যৌনকর্মী নেটওয়ার্কের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করছেন কথা।

অনন্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে নয়, আর দশটা সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। সমাজের সব সুবিধা পেতে চাই অন্যদের মত। সমাজ ও রাষ্ট্র কি পারে না আমাদের জন্য সেই উপযোগী পরিবেশ গড়ে তুলতে?”

দক্ষিণ এশিয়ার হিজড়াদের জীবনধারা ‘শত বছরের পুরনো পৌরাণিক ঐতিহ্য’ অনুসরণ করে মন্তব্য করে এনজি হিসেল বলেন, “জিনগতভাবেহিজড়ারা পুরুষ অথবা ইন্টার-সেক্স হয়ে থাকেন, যাদের বাহ্যিক রূপ নারীদের মতো, কিন্তু তারা নিজেদের দুই লিঙ্গের কোনোটারই অন্তর্ভুক্ত হিসেবে মানতে পারেন না।”

আর ইউরোপে দীর্ঘ বিতর্কের পর ট্রানস-জেন্ডার মানুষের জন্যও স্বাভাবিক জীবনের নিশ্চয়তা মিলেছে বলে তিনি জানান।

তৃতীয় লিঙ্গের মানুষের আত্ম-পরিচয়ের এই সংকট ও সামাজিক টানাপোড়েন নিয়ে ‘আইডি ক্ল্যাশ’র প্রথম প্রদর্শনী হয় ২০১৩ সালের অক্টোবরে, জার্মানির কলন শহরে। ‘আইডি ক্ল্যাশ’ সেখানে  ‘কলোন ড্যান্স থিয়েটার’ পুরস্কার এবং ‘পলিটিক্যাল থিয়েটার আর দ্য কুর্ট হাকেনবার্গ’ পুরস্কার জিতে নেয়।

আগামীতে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে নতুন আরও পরিকল্পনা করার কথা জানালেন পরিচালক এনজি হিসেল।