কাতারকে আরও জনশক্তি নিতে প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশ থেকে আরও জনশক্তি আমদানি নিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে কাতারের নতুন রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দিহাইমি প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, ২০২২ সালে বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে কাতারে প্রচুর নির্মাণকাজ হচ্ছে। সেখানে বাংলাদেশ জনশক্তি পাঠাতে চায়।
এ বিষয়ে কাতারের রাষ্ট্রদূত বলেছেন, শুধু ফুটবল বিশ্বকাপই নয়। কাতার যে ‘ভিশন-২০৩০’ গ্রহণ করেছে, তা পূরণ করতেও অনেক জনশক্তি প্রয়োজন।
প্রেস সচিব জানান, আগামী ১০ দিনের মধ্যে কাতার শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য বাংলাদেশে আসবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।
প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল স্থাপনের প্রসঙ্গও তোলেন।
তিনি বলেন, দুই বছরের মধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণ শেষ হবে। বাংলাদেশ কাতার থেকে এলএনজি আমদানি করবে।
বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সফরের ওপর গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এসময় কাতারের রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এবং আশা প্রকাশ করেন, ২০২১ সালের আগেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে হতে পারবে।
তিনি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন বলেও জানান।
কাতারের রাষ্ট্রদূতের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মালদ্বীপের নতুন রাষ্ট্রদুত মোহাম্মদ অসীম।
এসময় প্রধানমন্ত্রী গভীর সমুদ্র থেকে মৎস আহরণে দুই দেশের যৌথ প্রচেষ্টার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে শেখ হাসিনা আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ এবং সার্ক দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মালদ্বীপের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে সবসময়ই প্রস্তুত রয়েছে।
খাদ্য প্রক্রিয়াকরণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এই শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দুই দেশের সহযোগিতা হতে পারে।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসা করেন মালদ্বীপের রাষ্ট্রদূত।
মেডিকেলসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশে মালদ্বীপের প্রচুর শিক্ষার্থী পড়াশোনা করছে। এ জন্য শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
এ পর্যায়ে প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের উদ্যোগের কথা জানান।
শেখ হাসিনাকে মালদ্বীপের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত।
