ইউপি ভোট স্থগিতের দাবি আমলে নিচ্ছে না ইসি
তফসিল ঘোষণার পর বিভিন্ন এলাকা থেকে সীমানা জটিলতার অভিযোগ জানিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতের আবেদন এবং নিয়ম বহির্ভূতভাবে ভোটার স্থানান্তরের অভিযোগ আসতে শুরু করেছে নির্বাচন কমিশনে।
কিন্তু সব দাবি, অভিযোগকে পাশে রেখে ঘোষিত তফসিল মেনেই ভোটের দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন।সীমানা জটিলতা নিয়ে কোনো অভিযোগ থাকলে আদালতের দ্বারস্থ হওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রথম ধাপে আগামী ২২ মার্চ ৭৫২টি ইউপিতে ভোটের দিন রেখে গত গত ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে সীমানা ও আইনী জটিলতার কারণে এই ধাপ থেকে ১৩টি ইউপিকে বাদ দেওয়া হয়।
প্রথমধাপের ইউপিগুলোর মধ্যে থেকে ব্যক্তি পর্যায় থেকে অন্তত এক ডজন দাবি-আপত্তি নির্বাচন কমিশন সচিবালয়ে জমা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মাঠ পর্যায় থেকেও কর্মকর্তারা প্রার্থীদের আবেদন পাঠাচ্ছেন।
মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাঁচ নম্বর কাজলা ইউপির ভোট স্থগিত চেয়ে আবেদন করেছেন চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম।
তার দাবি, যমুনার ভাঙনে ইউনিয়নের ১, ২, ৩ ও ৯ ওয়ার্ড বিলীন হয়েছে। ৭ ও ৮ নং ওয়ার্ড আংশিক বিলুপ্ত। এ এলাকার সব ভোটার ইউপির বাইরে প্রতিষ্ঠিত ও বসবাসরত। বর্তমানে ভোটের তিনটি কেন্দ্র ইউপির আওতার বাইরে।
সীমানা পুনর্বিন্যাস না করা পর্যন্ত ভোট স্থগিতের দাবি এ চেয়ারম্যানের।
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সদর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান রিয়াদ এক আবেদনে অভিযোগ করেছেন, নালিতাবাড়ি পৌরসভার দুইজন ব্যক্তি তফসিল ঘোষণার পর ইউপির প্রার্থী হতে ভোটার স্থানান্তরের পাঁয়তারা করছে।
একজন ব্যক্তি এক ইউপির ভোটার হয়ে অন্য ইউপিতে প্রার্থী হওয়ার চেষ্টা করছেন, এমন অভিযোগও এসেছে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সরকার বিভাগ ইউপির সীমানা পুনর্বিন্যাস করেছে। ইসির কাছে এ নিয়ে অভিযোগ করে লাভ নেই। সবকিছু ঠিকমতো পেয়ে আমরা তফসিল দিয়েছি; এখন আর কিছু করার নেই।”
তফসিল ঘোষিত এলাকায় ভোটার স্থানান্তরের কাজও বন্ধ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, “প্রার্থী হতে সংশ্লিষ্ট ইউপি ও ওয়ার্ডের ভোটার হতে হবে। এখন আর এলাকা পরিবর্তন করে স্থানান্তরের সুযোগ নেই। ইসিতে এ আবেদন করলেও তা আমলে নেওয়া হবে না।”
প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা
ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে হলফনামা ও টিআইএন দেওয়ার বাধ্যবাধকতা নেই।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারি সচিব আশফাকুর রহমান জানান, প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়ে নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে, যাতে আগ্রহী প্রার্থী ও রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাছাইয়ে সুবিধা হয়।
ইসি কর্মকর্তারা জানান, স্বপদে থেকে বর্তমান চেয়ারম্যান এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচন প্রার্থী হতে পারবেন।
তবে সরকারি স্কুল-কলেজের শিক্ষকরা প্রার্থী হতে চাইলে তাদেরকে পদত্যাগ করতে হবে।সরকারি চাকরিজীবীদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।
এ বিষয়ে নির্দেশনা রয়েছে, সরকারি চাকরি ইস্তফার দরখাস্ত দাখিল করলেই তা ইস্তফা বলে বিবেচিত হবে না, তা কর্তৃপক্ষের কাছে গৃহীত হতে হবে। সরকারি চাকরি থেকে অব্যহতি নিলেই ভোটে অংশ নেওয়া যাবে; তিন বছর অপেক্ষা করতে হবে না।
এলপিআরে থাকা কর্মকর্তা-কর্মচারী নির্বাচনের যোগ্য হবেন না। তবে পেনশনভুক্তদের ভোটে দাঁড়াতে বাধা নেই।
ঠিকাদার ও নিত্যপণ্যের ডিলারদের প্রার্থী হওয়ার বিষয়েও কিছু বিধিনিষেধ রয়েছে।
পরিবারের কোনো সদস্যের নিত্যপণ্যের ডিলারশিপ বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা থাকলে ওই পরিবারের সদস্যরা প্রার্থী হতে পারবেন না।
তবে অন্য ইউনিয়ন পরিষদের ঠিকাদার হলে তিনি যোগ্য বিবেচিত হবেন।
এছাড়া প্রার্থীদের কেউ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জন্য সরকার কর্তৃক নিযুক্ত অত্যাবশ্যক পণ্যের (চাল, ডাল, চিনি, আটা, সার, কীটনাশক ইত্যাদি) ডিলার হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। তবে অন্য ইউনিয়নের ডিলার হলে নির্বাচনের যোগ্য হবেন।
নির্বাচনী তফসিল ঘোষণার পর ঠিকাদারী বা ডিলার থাকা, সমর্পণ বা অন্য কোনো নামে হস্তান্তর করাও প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
প্রথম ধাপে ৭৩৯ ইউপিতে ২২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ সময়। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি চলবে বাছাই।
