২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিনগরে টুইন টাওয়ার্সে অগ্নিকাণ্ড, আহত কয়েকজন

রাজধানীর শান্তিনগরের বহুতল ভবন কনকর্ড টুইন টাওয়ার্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ দগ্ধ না হলেও ধোঁয়া ও হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 01:46 AM

Updated : 20 Aug 2022, 11:53 AM

মঙ্গলবার রাত ১টার দিকে ২০তলা ভবনের দশম তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা ভজন কুমার সরকার জানান।

ফায়ার ব্রিগেডের ১০টি ইউনিটের ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

আগুনে কেউ দগ্ধ হওয়ার খবর না মিললেও ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান।

ভবন থেকে বেরিয়ে আসা কয়েকজন জানান, ১০ তলা থেকে ধোঁয়া বের হতে থাকলে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।

দশম তলা থেকে উপরের সিঁড়ি ও ছাদে অনেকে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মই দিয়ে তাদের কয়েকজনকে নিচে নামিয়ে আনেন।