২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুল ইসলামের মৃত্যুতে ‘রত্ন হারাল’ আইন অঙ্গন

মাহমুদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে বাংলাদেশের আইন অঙ্গনের রত্ন বলে অভিহিত করেছেন সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 09:29 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

বাংলাদেশের শীর্ষস্থানীয় আইনজ্ঞ, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম সোমবার মারা যান। সাংবিধানিক আইন নিয়ে লেখালেখিতে তিনি ছিলেন পথিকৃৎ আইনজীবী।

শোক বার্তায় বিচারপতি এ টি এম আফজাল তার সময়ের অসাধারণ মেধাবী আইনজীবী ও আইনবিদ মাহমুদুল ইসলামকে স্মরণ করে বলেন, “কোর্টে তার পক্ষ নির্বিশেষে উপস্থিতি বিচারকর্মে আমি সব সময় খুবই সহায়ক ভূমিকা হিসেবে দেখেছি।

“তিনি আমার দেখা মতে, সেসময় আইনের সব শাখায় অন্যতম আইনজ্ঞ ছিলেন। মৃদুভাষী স্বভাব লাজুক রংপুরের এই ছোটখাটো মানুষটি আমার খুবই প্রিয় ব্যক্তি ছিলেন। আইন অঙ্গন একটি রত্নকে হারাল।”

‘কন্সটিটিউশনাল ল অব বাংলাদেশ’ গ্রন্থের প্রণেতা মাহমুদুল ইসলাম প্রায় দেড় দশক আগে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন।

সংবিধান সংক্রান্ত এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলায় সর্বোচ্চ আদালত অ্যামিকাস কিউরিয়া হিসেবে মাহমুদুল ইসলামের মতামত নিত। 

তার মৃত্যুতে শোক জানিয়ে বর্তমান প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, “আইন অঙ্গন ও দেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে, জাতি হারিয়েছে দেশের শ্রেষ্ঠ কীর্তিমান এক আইনজ্ঞকে।”

সাংবিধানিক আইন, আইনের ব্যাখ্যা ও প্রয়োগের নীতিমালা এবং দেওয়ানি আইন বিষয়ে তার গবেষণামূলক প্রকাশনা বাংলাদেশের আইন ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন বিচারপতি সিনহা।

এক শোকবার্তায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেছেন, “অসংখ্য আইন বইয়ের রচয়িতা মাহমুদুল ইসলাম সুপ্রিম কোর্টের আহ্বানে অ্যামিকাস কিউরিয়া হিসেবে যে বক্তব্য দিয়েছেন, আইন অঙ্গনে তা স্মরণীয় হয়ে থাকবে।”

মাহমুদুল ইসলামের বিদেহি আত্নার মাগফিরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকনও।

নানা রোগে ভুগে ৮০ বছর বয়সে মারা যান মাহমুদুল ইসলাম। তার জন্ম ১৯৩৬ সালে রংপুরে, তাকে সেখানেই দাফনের প্রস্তুতি চলছে।

মাহমুদুল ইসলামের চেম্বারের অন্যতম আইনজীবী প্রবীর নিয়োগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার প্রয়াতের দুই ছেলে কানাডা থেকে ফিরবেন।

বুধবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজার পর মরদেহ রংপুরে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।