২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার আইনের ভূতাপেক্ষ কার্যকারিতা নিয়ে রুল

মুদ্রা পাচার প্রতিরোধ আইনে ভূতাপেক্ষ কার্যকারিতার ধারাকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 08:48 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

নিম্ন আদালতে চলা এক মামলা নিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এ রুল দেয়।

আইন সচিব ও দুর্নীতি দমন কমিশনসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম; সঙ্গে ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত রুল দিয়েছেন। মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হলেও তা দেওয়া হয়নি। ফলে এই মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই।”

মুদ্রা পাচার প্রতিরোধ আইনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের বিরুদ্ধে করা এই মামলায় বুধবার বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ঠিক রয়েছে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে এই মামলা করে দুদক।

মোশাররফের আইনজীবী মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এজাহারে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ঘটনার সময়কাল উল্লেখ করা হয়েছে।অথচ ২০০২ সালের অধ্যাদেশ ও ২০০৯ সালের আইন ২০১২ সালের আইনের ৩১ ধারা দিয়ে বিলুপ্ত করা হয়। এ আইনের ৩১ (৩) ধারা অনুসারে আগের ঘটনা অনিষ্পন্ন থাকলে নতুন আইনে মামলার কার্যক্রম চালানো যাবে। অথচ সংবিধানের ৩৫(১) অনুচ্ছেদ বলছে, আগের ঘটনা সে সময়ের আইনে চলবে।

“তাই ৩১ (৩) ধারাটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক-এ যুক্তিতে রিটটি করা হয়।”

২০১৫ সালের ২৮ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এই মামলায় মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেয়।মামলা পর তিনি হাই কোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ পরে তা বাতিল করে। এরপর ২০১৪ সালের ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এই মামলায় চলতি বছরের ১০ জানুয়ারি আপিল বিভাগ পর্যবেক্ষণসহ খন্দকার মোশাররফ হোসেনের জামিন বহাল রাখে। 

পর্যবেক্ষণে বলা হয়, তিন মাসের মধ্যে মামলার বিচার শেষ করতে হবে, শুনানি মুলতবির আবেদন করলে জামিন বাতিল করা যাবে, আসামি কোনো অর্থ তার ব্যাংক হিসাব থেকে তুলতে পারবেন না এবং তার পাসপোর্ট জমা দিতে হবে বলা হয়।

আপিল বিভাগের আদেশের পর এই মামলায় প্রায় দুই বছর ধরে কারাগারে থাকা ৭১ বছর বয়সী সাবেক এই মন্ত্রী গত মাসে কারামুক্তি পান।

এরপর অর্থ পাচারের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন বাতিল ও মামলার কার্যাক্রম স্থগিত চেয়ে খন্দকার মোশাররফ হাই কোর্টে আবেদন করলে ২০ জানুয়ারি একটি দ্বৈত বেঞ্চে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়।

পরে ২০১২ সালের মুদ্রা পাচার আইনের ৩১ (৩) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে চলতি বছরের জানুয়ারিতে খন্দকার মোশাররফ রিট করেন, যার ওপর মঙ্গলবার শুনানি পর রুল হয়।

রুলে ২০১২ সালের মুদ্রা পাচার প্রতিরোধ আইনের ৩১ (৩) ধারা সংবিধানের ৩৫ (১) অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় বলে জানান মারুফ হোসেন।