২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কন্যাশিশু সবচেয়ে বেশি, কম বরিশালে

বাংলাদেশে কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার বলে সংসদে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার এক প্রশ্নের জবাবে আদম শুমারি ও গৃহগণনা-২০১১ অনুযায়ী ২০১৬ সালের প্রাক্কলনের সূত্র ধরে এই তথ্য সংসদে দেন মন্ত্রী।

জাসদের লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আদম শুমারি ও গৃহগণনা ২০১১ কর্তৃক প্রস্তুতকৃত পপুলেশন প্রজেকশন ও বাংলাদেশ: ডাইনামিকস অ্যান্ড ট্রেন্ডস (২০১১-২০১৬) অনুযায়ী প্রাক্কলিত (প্রজেক্ট) ২০১৬ সালে ০-১৭ বছর বয়সী বাংলাদেশে কন্যা শিশুর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার।

মন্ত্রী বিগত শুমারির তথ্য উল্লেখ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত আদম শুমারি ও গৃহগণনা ২০১১ অনুযায়ী বাংলাদেশের কন্যা শিশুর সংখ্যা জেলা ও বিভাগওয়ারী তুলে ধরেন।

মন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে কন্যা শিশুর সংখ্যা সব থেকে বেশি।

এ বিভাগে ৮৭ লাখ ২৬ হাজার ৫১৯ জন কন্যাশিশু রয়েছে।

সব থেকে কম কন্যাশিশু রয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগের কন্যা শিশুর সংখ্যা ১৬ লাখ ৬৪ হাজার ৩১৯ জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬১ লাখ ৬ হাজার ১৩৫ জন, খুলনা বিভাগে ২৬ লাখ ৯৪ হাজার ৩৮২ জন, রাজশাহী বিভাগে ৩১ লাখ ৯৮ হাজার ৬২ জন, রংপুর বিভাগে ২৯ লাখ ৫৯ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৯ হাজার ৫২ জন।