মোবাইলে বই নিয়ে বাড়ি ফেরা
‘হাতে হাতে বই’ নিয়ে ফেরার চিরায়ত দৃশ্যের সঙ্গে এবার যুক্ত হল ডিভাইসে বই নিয়ে ফেরার নতুনত্ব।
সোমবার বাংলা একাডেমি প্রাঙ্গণে এরকম স্টলের সামনে দেখা গেছে শত শত পাঠকের ভিড়; অপেক্ষা কখন বই ঢুকবে মোবাইলে।
একাডেমির পুকুর পাড়ে মোদের গরব ভাস্কর্যের পেছনের দিকে ‘সেই বই’ এবং ‘বেঙ্গল ই-বই’ নামে স্টলদুটি সেই অর্থে বেশ নজর কেড়েছে।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এই সংবাদকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোবাইলে বই পড়া তো সহজ, যেখানে সেখানে পড়া যায়। হাতের মুঠোয় বই নিয়ে ঘুরছি, এটা অন্যরকম ব্যাপার।”
“এখান থেকে অ্যাপস ডাউনলোড এবং রেজিস্ট্রেশন করে নিলাম, দেখি ক্যামন লাগে।”
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা প্রসেনজিৎ দেব জানান, স্টলে তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড ও বিনামূল্যে নিবন্ধন করিয়ে দিচ্ছেন।
তিনি বলেন, “ডাউনলোড ও নিবন্ধন করলে ২৫০টির বেশি ক্লাসিক বই ফ্রিতে পাচ্ছেন গ্রাহকরা। এরপর অ্যাপসে থাকা দেড়শর বেশি বই পড়তে হলে টাকা পরিশোধ করতে হবে।”
“অ্যাপস ডাউনলোড করার পরই নিবন্ধনের অপশনস আসবে। তারপর নিবন্ধন করে নিলে বই পড়া যাবে।”
প্রসেনজিৎ জানান, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো যেসব লেখকের রয়্যালটি শেষ হয়ে গেছে তাদের বই পাওয়া যাচ্ছে ফ্রি-তে। অন্যদিকে, সমসাময়িক লেখকদের বই পড়তে হলে পে করতে হবে।”
ই-বইয়ে ফন্ট সংক্রান্ত কোনো ঝামেলা না থাকা, প্রয়োজন মতো ফন্ট বড়-ছোট করা এবং রাতে ও দিনের জন্য আলাদা রকম ‘ভিউ’ থাকার কথা জানান প্রসেনজিৎ।
‘সেই বই’ এর মতো প্রায় একই রকম সেবা দেওয়ার কথা জানান ‘বেঙ্গল ই-বই’ এর কর্মী মাহমুদ সজল।
তিনি জানান, তাদের ‘বেঙ্গল ই-বই’ নামের অ্যাপসও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড ও বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যায়।
এই পর্যন্ত বিভিন্ন লেখকের ২০০টির মতো ই-বই অ্যাপসের সঙ্গে যুক্ত করা হয়েছে জানিয়ে সজল বলেন, “তার মধ্যে ৩০টি বই বিনামূল্যে পড়া যাবে। বাকিগুলো পড়তে মোবাইল ব্যাংকিং বা এটিএম কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে।”
এক্ষেত্রে বইয়ের দামের মধ্যে ১০ থেকে শুরু করে ২৫০টাকা পর্যন্ত রয়েছে বলে জানান তিনি।
বিশেষায়িত স্টল ‘বিপ্লবীদের কথা’
অমর একুশে বইমেলায় ই-বইয়ের মতো বিশেষায়িত বইয়ের আরেকটি স্টল ‘বিপ্লবীদের কথা’। দেশে-বিদেশে বাম আন্দোলন এবং আন্দোলনে স্মরণীয় ব্যক্তিদের বই প্রকাশ করেছেন তারা।
বিপ্লবীদের কথা’র স্টল
বিপ্লবের রং লালে সজ্জিত তাদের এই স্টলের অবস্থান মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৫৫৩-৫৫৪ নম্বর ইউনিটে।
‘বিপ্লবীদের কথা’ সম্পাদক শেখ রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের স্টলটি বিশেষায়িত বইয়ের স্টল, এর মতো স্টল আর এখানে নাই। এবার বইমেলাকে ঘিরে আমাদের ১৫টি নতুন বই এসেছে।”
নতুন আসা বইয়ের মধ্যে রয়েছে- শেখ রফিক ও লক্ষ্মী চক্রবর্তী সম্পাদিত ‘৭১(প্রথম খণ্ড)’; শেখ রফিক সংকলিত ‘টঙ্ক আন্দোলন’ ও ‘সুভাষ স্মৃতি’; শেখ রফিক সম্পাদিত ‘বিপ্লবী নলিনী নাগ’, ‘বিপ্লবী নলিনী দাস’ ও ‘ইলা মিত্রের জবানবন্দি’; শেখ রফিক ও জান্নাতুল ফেরদৗস লাবণি রচিত ‘বিপ্লবী কামাখ্যা রায় চৌধুরী’, ‘আব্দুল মালিক’, ‘কমরেড অচিন্ত্য বিশ্বাস’ এবং ‘কমরেড জসিমউদ্দিন মণ্ডল’; রণেশ দাশগুপ্ত সম্পাদিত ‘স্বাধীনতা সাম্য বিপ্লবের কবিতা’; ড. মিজান রহমান সংগৃহিত ‘বরিশালের কমিউনিস্ট পার্টি’; সমরেন রায় সম্পাদিত ‘অশান্ত ব্রাহ্মণ’ এবং বিমান ঘটক সম্পাদিত ‘মৃত্যুঞ্জয়ী মুকুল সেন’।
