কোস্ট গার্ডের নতুন প্রধান রিয়ার এডমিরাল আওরঙ্গজেব
বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রিয়ার এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।
বাংলাদেশের উপকূল রক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া আওরঙ্গজেব চৌধুরী ১৯৮০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পান।
তিনি কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও সহকারী নৌ বাহিনী প্রধান (পার্সোনেল), কমডোর কমান্ডিং চট্টগ্রাম, কমডোর সুপারিনটেডেন্ট ডকইয়ার্ড, নৌ সদরের নৌ সচিব, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক,মেরিন একাডেমির কমান্ডেন্টের দায়িত্ব পালন করেন।
আওরঙ্গজেব চৌধুরী দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশ নিয়েছেন। তিনি জার্মান ও ফরাসি ভাষায় পারদর্শী।
আওরঙ্গজেব চৌধুরীর স্ত্রী আফরোজা আওরঙ্গজেব একজন চিকিৎসক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
