২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাবের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা প্রলয়ের মামলা সাইবার ট্রাইব্যুনালে

দৈনিক ইনকিলাবের সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদারের মামলা বিচারের জন্য সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2016, 01:24 AM

Updated : 20 Aug 2022, 11:49 AM

‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা এবং পুলিশের ভারপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক প্রলয় তথ্য প্রযুক্তি আইনের মামলাটি করেন।

গত ১ ফেব্রুয়ারি মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে এলেও তা আমলে নেওয়ার জন্য এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি  বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আহমেদ।

২০১৪ সালের ১৯ অগাস্ট ঢাকার ওয়ারি থানায় মামলাটি করেছিলেন প্রলয় জোয়ারদার। তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আজিজুর রহমান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অভিযোগপত্রে ইনকিলাব সম্পাদক ও প্রকাশক এ এম এম বাহাউদ্দিন, বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, নগর সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা এবং সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামির তালিকায় রাখা হয়।

এজাহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

২০১৪ সালের ১৮ আগস্ট প্রকাশিত ওই সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল, প্রলয় জোয়ারদার পুলিশ বিভাগে ‘হিন্দু লীগ’ সৃষ্টি করেছে।

মামলার পর রাজধানীর আর কে মিশন রোডের ইনকিলাব কার্যালয়ে অভিযান চালিয়ে পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহকে আটক করেছিল পুলিশ। পরে তিনি হাই কোর্ট থেকে জামিনে ছাড়া পান।