গুলতেকিনের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার
লেখক হুমায়ূন আহমেদের প্রাক্তন স্ত্রী গুলতেকিন খানের প্রথম বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে শুক্রবার।
বিকাল ৬টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই অনুষ্ঠান হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বইয়ের প্রকাশক তারিকুল ইসলাম রনি।
অনুষ্ঠানে কারা উপস্থিত থাকতে পারেন এ বিষয়ে জানতে চাইলে তাম্রলিপি প্রকাশনীর এই মালিক সে বিষয়ে কিছু জানাতে পারেননি।
‘আজো, কেউ হাঁটে অবিরাম’ শিরোনামের এই কাব্যগ্রন্থটি গুলতেকিনের প্রথম প্রকাশিত গ্রন্থ।
বইটি তিনি উৎসর্গ করেছেন দাদা প্রিন্সিপাল ইব্রাহীম খানকে, লিখেছেন- ‘প্রথম পাঠক, পথ প্রদর্শক, আমার দাদা প্রিন্সিপ্যাল ইব্রাহীম খানকে’।
লেখক হুমায়ূন আহমেদ বেঁচে থাকতে গুলতেকিনের সাহিত্য প্রতিভার কোনো প্রকাশ দেখা যায়নি। জনপ্রিয় এই লেখকের মৃত্যুর চার বছর পর কাব্য প্রতিভার প্রকাশ ঘটালেন তার প্রাক্তন এই স্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক হুমায়ূন যখন উপন্যাস লিখে নাম কুড়াতে শুরু করেছিলেন, তখন তাকে বিয়ে করেন গুলতেকিন। ২৮ বছরের দাম্পত্যে চার সন্তানের বাবা-মা তারা।
২০০৪ সালে গুলতেকিনের সঙ্গে হুমায়ূনের বিচ্ছেদের পরও তার সঙ্গে সম্পর্ক ধরে রাখতে দেখা গেছে এই লেখকের পরিবারের সদস্যদের।
ছয়টি বিভাগে সাজানো ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ বইটিতে গুলতেকিনের ৩৫টি কবিতা স্থান পেয়েছে।
বিভাগগুলো হল- ‘ভরে যাক সবার খামার’, ‘রাত্রিকে বাঁধো আজ’, ‘বাজুক স্কুলের ঘণ্টা’, ‘আস্তিনজুড়ে মাখিয়েছি কাদা ধুলো’, ‘ফ্রেমে বাঁধলেই শিল্প’ এবং ‘জানতো না, জানতো না’।
বইয়ের ভূমিকায় লেখা হয়েছে- সামান্যকে খুব সাধারণ করে তোলা কবি গুলতেকিন খান-এর সহজাত প্রবৃত্তি। পার্সিয়ুস থেকে লালন আর কাহলিল জিবরান থেকে বব ডিলান পর্যন্ত তার স্বচ্ছন্দ যাতায়াত। এদেশের গরিষ্ঠ জনগোষ্ঠীর মতোই ছন্দময়তার দিকে তার ঝোঁকটির সঙ্গে অনেকেই একাত্ম হয়ে উঠবেন অনায়াসে।
এতে আরও লেখা হয়েছে- “এটি তার প্রথম কবিতার বই এ কথা জেনে অনেকেই বিস্মিত হতে পারেন, তবে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃদু কিন্তু সুঠাম উচ্চারণ সবাইকে আচ্ছন্ন করে তুলবে।”
