এক্স-ইম ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের এক্স-ইম ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়; যাতে এক্সিম ব্যাংকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোম্পানিটির চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ফ্রেড হচবার্গ।
বৈঠক শেষে তৌফিক ইলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে যে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন দেশের আগ্রহ তৈরি হচ্ছে এটা তারই প্রমাণ।”
এর আগে ২০০৮ সালে বোয়িং থেকে আটটি উড়োজাহাজ কেনার জন্য ১৩০ কোটি ডলারের চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এ অর্থায়নের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের এক্স-ইম ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করার জন্য ব্যাংকটির সঙ্গে চুক্তি করেন বিমান।
এক্স-ইম ব্যাংকের চেয়ারম্যানের এটাই প্রথম বাংলাদেশ সফর।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে বিনিয়োগের নতুন নতুন সম্ভাবনারও প্রমাণ মিলছে। বিনিয়োগ সম্ভাব্যতার তালিকায় বিদ্যুৎ ও জ্বালানিসহ অন্যান্য খাতও রয়েছে।
“রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের শীর্ষ কর্তাদের সফরে শুধু বিনিয়োগ সম্ভাবনাই নয়, দুদেশের সম্পর্কও দৃঢ় হবে,” বলেন তিনি।
