ব্লগার হত্যা: সামাজিক আন্দোলনে জোর দিলেন সেলিনা হোসেন
দেশে একের পর এক ব্লগার হত্যার প্রেক্ষাপটে এসব ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
বৃহস্পতিবার বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক অনুষ্ঠানে তিনি বলেন, “যারা আমাদের ব্লগারদের হত্যা করছে, লেখকদের গায়ে হাত তুলছে সেই সব বিষয়েও সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।
“আমাদের বইমেলার জাতীয় অনুষ্ঠানকে দমন করার জন্য যখন এইসব করা হয়, তখন সামাজিক আন্দোলন দরকার। এভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে সবার জন্য গৌরবের।”
গত বছর একুশে বইমেলা চলার সময় ২৫ ফেব্রুয়ারি রাতে মেলা থেকে বের হওয়ার পর টিএসসি এলাকায় বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে ইসলামী উগ্রপন্থিরা। পরে মৌলবাদীদের হাতে নিহত হন বেশকয়েকজন ব্লগার ও প্রকাশক।
১১ বছর আগে দেশে প্রথম এই ধরনের হামলা হয় অধ্যাপক হুমায়ুন আজাদের উপর। তাকেও রাতে বইমেলা থেকে বের হওয়ার পর একই এলাকায় কুপিয়ে মারাত্মক আহত করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল দুর্নীতিবিরোধী শপথ বাক্য পড়িয়ে সচেতন নাগরিক কমিটি-ইউথ এনগেইজমেন্ট সাপোর্ট’(সনাক-ইয়েস) সম্মেলনের উদ্বোধন করেন।
মানবাধিকার কর্মী ও আইনজীবী সুলতানা কামাল বলেন, বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল- জবাবদিহিতার বিষয়ে প্রচণ্ড রকমের উন্নাসিকতা, অবজ্ঞা করা হয়। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে পারি নিজের সুবিধা আদায়ের চেষ্টা চলছে।
“শিশু হত্যা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে। এসব করে লজ্জিত হচ্ছি না, বিব্রত হচ্ছি না। এসব করে যে বিচারের সম্মুখীন হতে হয়- সেটা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে।”
টিআইবির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “জনগণের কাছে যখন আমাদের কার্যক্রমের গ্রহণযোগ্যতা বেড়েছে তখন ঝুঁকি ও তিরস্কারও পাচ্ছি।
“ক্ষমতাবানদের একাংশ আমাদের প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছেন। আমাদের প্রতিবেদনকে প্রতিপক্ষ করেছেন; আমাদেরকে আইএস এর সঙ্গে যুক্ত করেছেন।”
বিভিন্ন মন্তব্যের কারণে রাজনীতিকদের সমালোচনায় পড়া ইফতেখারুজ্জামান বলেন, “আমাদের অনেক অপবাদ দেওয়া হয়; বলা হয় ‘টিআইবি কোথা থেকে অর্থ পায় আমরা দেখে নেব।’
“এসব অপবাদে আমরা বিচলিত হই না। আমরা সরকারকে আমাদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করি।”
