২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটার শাহাদাত ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২২ ফেব্রুয়ারি

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ২২ ফেব্রুয়ারি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 01:23 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক তানজিনা ইসমাইলের পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে বৃহস্পতিবার শুনানির এই দিন ঠিক করে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান গত বছর ২৯ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আলী আসগর স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনে থাকা শাহাদাত ও তার স্ত্রী এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

নিত্যর পক্ষে স্থায়ী জামিনের আবেদন করা হলে বিচারক জামিনের মেয়াদ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেন বলে জানান স্বপন।

গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়।

পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী ওই শিশুকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেলক হক নামের এক সাংবাদিক।  

পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি।

সাংবাদিক মোজাম্মেল বাদী হয়ে এ ঘটনায় মামলা করলে ‘পালিয়ে যান’ জাতীয় দলের এই ক্রিকেটার ও তার স্ত্রী নিত্য। এর এক মাসের মাথায় ৪ অক্টোবর নিত্যকে তার বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শাহাদাতও আদালতে আত্মসমর্পণ করেন।

মামলার অভিযোগপত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ এর (২) খ ধারায় শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে শাহাদাত ও নিত্যর বিরুদ্ধে। এ ধারায় অভিযোগ প্রমাণিত হলে তাদের সাত থেকে ১৪ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে।