টিআর-কাবিখায় চাল-গম নয়, নগদ চান এমপিরা
চাল ও গমের বিনিময়ে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা থেকে সরে এসে এসব কর্মসূচিতে নগদ অর্থ বরাদ্দ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন কয়েকজন সংসদ সদস্য।
বুধবার সংসদ অধিবেশনে সরকারি দলের হুইপ আতিউর রহমান আতিকসহ কয়েকজন সংসদ সদস্য এই দাবি তুললে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তাদের আশ্বস্ত করেন।
টিআর ও কাবিখা কর্মসূচিতে নগদ টাকা দেওয়ার জন্য অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “আমরা অর্থমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছি।
“এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছি। আশা করি, প্রধানমন্ত্রী বিবেচনা করে এটা বাস্তবায়ন করবেন।”
টেস্ট রিলিফ (টিআর) এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির মাধ্যমে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। এতে কাজের মজুরি হিসেবে চাল ও গম দেওয়া হয়।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কাঠামো মেরামতের জন্য চালানো কাবিখা কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি ও গরিব মানুষের আয় বাড়ানো, দেশের সব এলাকায় খাদ্য সরবরাহের ভারসাম্য এনে দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি।
টিআর কর্মসূচির অধীনে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের মাধ্যমে দুর্বল ও দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে জনগণের খাদ্য নিরাপত্তা বিধানে সহায়তা সরকারের লক্ষ্য।
এসব কাজে আইনপ্রণেতা অর্থাৎ সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ না থাকলেও তারা বরাবরই হস্তক্ষেপ করেন বলে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিযোগ।
উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানদের অভিযোগ, নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য সংসদ সদস্যদের বরাদ্দ থাকার পরও তারা তাদের বরাদ্দে ভাগ বসান।
সংসদ সদস্যদের এই ধরনের ‘হস্তক্ষেপ’ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হওয়ার পথে অন্তরায় বলে বিশ্লেষকরা চিহ্নিত করেছেন।
এর বিপরীতে সংসদ সদস্যরা বলে আসছেন, এলাকায় উন্নয়ন কাজ ঠিকভাবে না হলে তার জন্য জনগণের কাছে তাদেরই জবাবদিহি করতে হয়।
বুধবার সংসদ অধিবেশনে কাবিখা ও টিআর নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী মায়াও বলেন, “এজন্য সংসদ সদস্যসহ আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়।”
এই দুই প্রকল্পে নগদ অর্থ দেওয়ার দাবির সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, “টিআর-কাবিখায় যে গম বা চাল দেওয়া হয়, তা বিক্রি করে ন্যায্য অর্থ পাওয়া যায় না। এগুলো বিক্রি করলে (প্রতি টন) ১৪ থেকে ২০ হাজার টাকা পাওয়া যায়। অথচ ভাউচার দিতে হয় ৩৬ হাজার টাকার।
“টিআর আর কাবিখা টাকায় প্রদান করা গেলে কাজের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাবে। গম বা চাল দিলে যেখানে আমরা ১৬ হাজার টাকার কাজ করতে পারি সেখানে টাকা দেওয়া গেলে পুরো ৩৬ হাজার টাকা কাজে লাগানো যাবে।”
