অননুমোদিতভাবে স্ট্যাম্প বিক্রি করলে ৫০ হাজার টাকা জরিমানা; সংসদে বিল
অননুমোদিতভাবে স্ট্যাম্প বিক্রি করলে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ১৮৭০ সালের এ সংক্রান্ত একটি আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে।
বুধবার জাতীয় সংসদে ‘কোর্ট ফিস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬‘ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে, অনলাইনে কোর্ট ফি দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, কোন ধরনের স্ট্যাম্প বিক্রিতে যদি অনুমোদিত কোন ব্যক্তি আইনের বিধি ভাঙলে এবং অননুমোদিত কোনো ব্যক্তি স্ট্যাম্প বিক্রি করলে তার ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা হবে।
বর্তমানে ৫০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
বিদ্যমান আইনে বলা আছে, কোর্ট ফি স্ট্যাম্পের মাধ্যমে পরিশোধ করতে হবে, যদি না পাওয়া যায় তা নগদে পরিশোধ করতে হবে।
প্রস্তাবিত সংশোধনীতে ইলেকট্রনিক ও ডিজিটাইজ ট্রানজেকশনের বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, সরকার তফসিলি ব্যাংক, মোবাইল অপরেটর, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কোর্ট ফি নিতে এবং রিফান্ড করতে পারবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “নামজারি, জমির পর্চা ইত্যাদি সেবাসহ বিভিন্ন কার্যক্রমে প্রতিনিয়ত সাধারণ মানুষকে কোর্ট ফি জমা দিতে হয়। কিন্তু সহজলভ্য না হওয়ায় কোর্ট ফি প্রদানের সময় সাধারণ জনগণকে অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হয়।
“জনগণের হয়রানি রোধকল্পে সহজেই এবং দ্রুততার সাথে জনসেবা পৌঁছে দেওয়ার স্বার্থে ই-পেমেন্টের মাধ্যেমে/ অনলাইনে কোর্ট ফি জমার সুযোগ সৃষ্টি করতে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা অত্যস্ত প্রয়োজন।”
