২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু আব্দুল্লাহ হত্যা: চার আসামি রিমান্ডে

কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহ হত্যা মামলায় চার আসামিকে জিজ্ঞাসাবাদে হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 06:03 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

তাদের মধ্যে গ্রেপ্তার মেহেদি হাসান শামীমকে সাত দিন এবং খোরশেদ আলম, আল-আমিন মাহমুদ ও নীতু আক্তারকে পাঁচ করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শামসুন্নাহার নিপু এ আদেশ দেন।

কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মো. শফিকুল আলম প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চেয়েছিলেন।

রিমান্ড আবেদনে শফিকুল বলেন, “অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্র। তারা পূর্বপরিকল্পিত ভাবে ঠাণ্ডা মাথায় আব্দুল্লাহকে খুন করে। পরে লাশ গুম করার জন্য আসামি মেহেদির বাড়ির দুই তলায় একটি নীল রঙের ড্রামের ভেতর লাশ ঢুকিয় ঢাকনা বন্ধ করে দিয়েছিল।”

ঘটনাস্থলে গিয়ে ‍আসামি নীতুকে লাশের পাশে পাওয়া গেছে বলেও জানান তিনি।

এদিকে গ্রেপ্তার খোরশেদ আলম ও আল-আমিন মাহমুদ জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে শামীমকে সাত দিন ও বাকিদের পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের আদালত পরিদর্শক মো. আসাদুজ্জামান।

গত শুক্রবার দুপুরে খাবার খাওয়ার পর খেলতে গিয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ। অনেক খুঁজাখুঁজির পর না পেয়ে রাতে থানায় একটি জিডি করে তার পরিবার।

মঙ্গলবার দুপুরে প্রতিবেশী মোতাহার হোসেনের বাড়ির একটি ড্রামে তার গলিত লাশ পাওয়া যায়।

মোতাহার হোসেন সম্পর্কে আব্দুল্লাহর বাবার আপন চাচা এবং মায়ের আপন মামা।

পুরনো খবর:

মুক্তিপণ দেওয়ার পরও ফিরল না আবদুল্লাহ, মিলল লাশ
কেরাণীগঞ্জে মুক্তিপণের দাবিতে শিশু অপহরণ