২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুপার স্পেশালাইজড’ হচ্ছে বিএসএমএমইউ

বাংলাদেশের প্রান্তিক মানুষের জটিল রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’ করতে যাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 12:52 AM

Updated : 20 Aug 2022, 11:46 AM

এজন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হসপিটাল’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ব্যয় হবে এক হাজার ৩৬৬ কোটি টাকা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটিসহ প্রায় ৪ হাজার ৮৫৯ কোটি টাকা ব্যয়ের নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এসব প্রকল্পের ২ হাজার ২০৭ কোটি টাকা বিদেশি সহায়তা থেকে জোগান দেওয়া হবে বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “এটি হবে দেশের প্রথম সেন্টার বেইসড সুপার স্পেশালাইজড হাসপাতাল।”

চলতি বছর শুরু করে আগামী ২০১৯ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করতে চায় সরকার।

মন্ত্রী বলেন, বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ইমার্জেন্সি মেডিকেল কেয়ার সেন্টার, গ্যাস্ট্রো এন্টারলজি ও হেপাটোবিলিয়ারি সেন্টার, চাইল্ড অ্যান্ড মাদার হেলথ কেয়ার সেন্টার, কার্ডিও অ্যান্ড সেরেব্রোল ভাসকুলার সেন্টার, কিডনি সেন্টার, আইসিইউ এবং কেন্দ্রীয় ডায়াগনস্টিক ও প্যাথলজি বিভাগ স্থাপন করা হবে।

শেখ হাসিনা রাজধানীর শাহবাগ মোড়ে অবিলম্বে দুটি আন্ডারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন বলে জানান মুস্তফা কামাল।

“এর একটি হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বারডেমের দিকে অন্যটি জাতীয় জাদুঘরের দিকে নির্মাণের নির্দেশনা দিয়েছেন তিনি।”

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬৩৫ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলে একটি মেডিকেল কলেজ স্থাপন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, ২৫০ কোটি টাকা ব্যয়ে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উন্নয়ন, ৯০৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের তিতাস গ্যাস ফিল্ডে গ্যাস উদগীরণ নিয়ন্ত্রণ এবং গ্যাসফিল্ডের মূল্যায়ন ও উন্নয়ন।

৬১৫ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২৫৪ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পও অনুমোদন হয়েছে।

৫৭২ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে ‘নগরাঞ্চলের ভবন সুরক্ষা’ প্রকল্প। ১৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে ‘জাতীয় স্যানিটেশন (৩য় পর্য়ায়) প্রকল্প’ এবং ১০৭ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে ‘ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়ক উন্নয়ন’ প্রকল্প।