রাজধানীতে নকল অ্যান্টিভাইরাস জব্দ
রাজধানীর মালিবাগে একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ অ্যান্টিভাইরাস ‘ক্যাসপারস্কি’ তৈরির নকল কারখানা আবিস্কার করেছে।
সোমবার সন্ধ্যায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঢাকা মেট্রোর একটি দল এই কারখানার প্রধান মো. শহীদ (৫৫) এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে দুটি কপি রাইটার, দুটি কম্পিউটারের সিপিইউ, দুইশত ৫০টি নকল ক্যাসপারস্কি সিকিউরিটি ২০১৬’র ডিভাইস, দুইশত ৫০টি ক্যাসপারস্কি সিকিউরিটি ২০১৬’র অ্যাক্টিভেশন বই, দুইশতটি ক্যাসপারস্কি সিকিউরিটি ২০১৬’র খালি কভার, একশত ৫০টি বিভিন্ন গেমস এর কপিরাইট সিডিসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে এসব নকল অ্যান্টি ভাইরাস তৈরি করে বাজারজাত করে আসছিল।
তিনি জানান, প্রায় তিন মাস আগে শহীদ নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে মালিবাগে বাসা ভাড়া নেয়। এই বাসায় বসেই অবৈধভাবে ইন্টারনেট থেকে ট্রায়াল ভার্সন ডাউনলোড করে তা সিডিতে নিয়ে আসলের মতো প্যাকেট বানিয়ে বাজারজাত করে আসছিলেন।
পরে শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এসব বানিয়ে প্রতিটি তিনশ টাকায় বিক্রি করতেন। তবে প্যাকেটে এক হাজার ৯৯টাকা লেখা থাকতো।
বিক্রেতারা প্যাকেটের গায়ে লেখা মূল্যই বিক্রি করতেন বলেও জানান শহীদ।
নিজেকে কখনও মেজর কখনও ক্যাপ্টেন পরিচয় দিলেও প্রকৃতপক্ষে শহীদ বিজিবির সৈনিক ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
১৯৯৮ সালে তিনি অবসরে যান।
আটক তিন জনের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়েছে।
