এন্টিভাইরাস পাইরেসি: ঢাকায় গ্রেপ্তার ১
এন্টিভাইরাস ‘নকল’ করে বাজারজাত করার অভিযোগে ঢাকায় একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই ঢাকা মেট্রোর পরিদর্শক মনিরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় শহীদুল ইসলাম (৫৫) নামের ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন।
তবে ঢাকার কোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য পিবিআই জানায়নি।
“শহীদুল সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন বলে পরিচয় দিলেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি।”
রোববার মালিবাগ বাজারের একটি বাসা থেকে নকল ক্যাসপারেস্কি এন্টিভাইরাসের ২৫০টি সিডিসহ অনিল দাস (৬৫) ও আবদুল হালিম (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তারের পর শাহজাহানপুর থানায় একটি মামলা হয়।
শহীদুল ওই মামলার প্রধান আসামি। ইন্টারনেট থেকে গেইম ডাউনলোড করে পাইরেসির সঙ্গেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে মনিরুল জানান।
