২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল সংসদে পাস

রেলওয়ের সম্পত্তির রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও সুরক্ষায় বিদ্যমান আইন পরিমার্জন করে ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল- ২০১৫’ সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 09:39 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

সামরিক আমলে জারি করা ‘দ্যা রেলওয়ে নিরাপত্তা বাহিনী অর্ডিন্যান্স-১৯৭৬’ পরিমার্জন করে নতুন আইন করতে বিলটি পাস করা হলো।

সোমবার রেলমন্ত্রী মুজিবুল হক বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন, পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

পাস হওয়া বিলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে একজন ‘চিফ কমান্ড্যান্ট’ থাকার কথা বলা হয়েছে; সরকার এই বাহিনীর তত্ত্বাবধান করবে।

বিলে বাহিনীর কোনো সদস্য অবাধ্য, শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি, কর্তব্যে অবহেলা বা শিথিলতা করলে বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসর, পদাবনতি ও পদোন্নতি স্থগিতসহ বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে।

এই আইনের অধীন অপরাধগুলো আমলযোগ্য হবে বলে বিলে উল্লেখ রয়েছে।

গত বছরের ১৫ সেপ্টেম্বর বিলটি সংসদে তোলা হয়, পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

রেলওয়ের দুটি বাহিনীর মধ্যে জিআরপি বা রেল পুলিশের কাজ হলো যাত্রীদের নিরাপত্তা দেওয়া। আর রেল নিরাপত্তা বাহিনীর কাজ রেলের সম্পত্তি ও মালামাল রক্ষা করা।

রেল ‍পুলিশ আসে পুলিশ বাহিনী থেকে। আর ১৯৭৬ সালের অধ্যাদেশ অনুযায়ী তৈরি করা রেলের নিরাপত্তা বাহিনী রেলওয়ের নিজস্ব বাহিনী। রেল নিরাপত্তা বাহিনী সংক্রান্ত ওই অধ্যাদেশ সংশোধন করেই নতুন এ আইন হচ্ছে।