তামাক শিল্পে সরকারের মালিকানা সাংঘর্ষিক: সাবের
তামাক শিল্পে সরকারের অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।
শনিবার এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, একদিকে বলা হচ্ছে তামাক ব্যবহারের কারণে প্রতিবছর একলাখ লোক মারা যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে; আরা সেই শিল্পে তাদের মালিকানা থাকবে এটা কতটুকু যৌক্তিক এবং ন্যায় সঙ্গত?
তামাক শিল্পে বাংলাদেশ সরকারের মালিকানা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবের আরও বলেন, “এটা সাংঘর্ষিক এবং নৈতিকতার একটা বিশাল প্রশ্ন।”
সোনারগাঁও হোটেলে আইপিইউর উদ্যোগে দুই দিনব্যাপী সাউথ এশিয়ান স্পিকার’স সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক এই সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, শ্রীলংকা এবং বাংলাদেশ এই ৬টি দেশের সংসদ সদস্যরা অংশ নেন।
তামাকের ব্যবহার এবং ক্ষতিকর বিষয় এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করন সম্মেলনে অংশগ্রহকারীরা।
সাবের হোসেন চৌধুরী জানান, রোববার সম্মেলনের শেষ দিনে তামাক নিয়ে একটি সম্মিলিত ঘোষণা আসতে পারে।
সম্মেলনের প্রথম দিন বিকালে ক্যাম্পেইন ফর ট্যোবাকো ফ্রি কিডস্ (সিটিএফকে) এর উদ্যোগে তামাক বিরোধী সাংবাদিকদের সংগঠন এন্টি ট্যোবাকো মিডিয়া এলায়েন্স ‘আত্মা’র সঙ্গে এই মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় অংশ নেন সিটিএফকে এর প্রেসিডেন্ট ম্যাট মায়ার্স, কানাডিয়ান ক্যান্সার সোসাইটির জ্যেষ্ঠ পলিসি এনালিস্ট রব কানিংহাম, আমেরিকান ক্যান্সার সোসাইটির পরিচালক ড. নিগার নার্গিস, সিটিএফকে এর দক্ষিণ এশিয়া প্রোগ্রামের পরিচালক বন্দনা শাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজেক্ট ম্যানেজার ভিনায়ক প্রসাদ, থাই হেলথ ফাউন্ডেশনের ডা. প্রাকরিট।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটিএফকে এর কান্ট্রি লিড বাংলাদেশের মো. শরিফুল আলম।
এই সভায় আত্মার প্রায় ৩০জন সদস্য ছাড়াও তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, এদেশে তামাক নিয়ন্ত্রণ করা একটু কঠিন। যেসব সিগারেট বেশি চলে সেগুলোর দাম কম। এক্ষেত্রে কর বাড়াতে হবে এবং এর কোনো বিকল্প নেই।
এ ব্যাপারে সংসদ সদস্যদেরও করণীয় আছে- এমন কথা উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, “তিনটি লক্ষ্য নিয়ে কাজ করা যায়। এর একটি হচ্ছে কীভাবে তামাকের কারণে মৃত্যুরোধ করা যায়, যারা বেঁচে যাচ্ছেন তাদের জীবন কীভাবে চলছে এদিকে লক্ষ রাখা এবং রাজস্ব বাড়িয়ে স্বাস্থ্যখাতে খরচ কমানো।
মতবিনিময় সভায় তামাকের উপর কর নিয়েও আলোচনা হয়।
