২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, ‘আতঙ্কে’ একজনের মৃত্যু

রাজধানীর ভাটারা থানার কড়াতলী বাজারে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 11:10 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

এ সময় বিস্ফোরণের শব্দে ‘আতঙ্কিত’ হয়ে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাতে কড়াতলী বাজারের নিউ আইকে জুয়েলার্সে ডাকাতি হয় বলে খিলক্ষেত থানার ওসি শহীদুল হক জানান।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ থেকে ছয়জনের ডাকাত দল রাত ৯টার দিকে জুয়েলার্সে হানা দেয়। তার এসেই কয়েকটি বিস্ফোরণ ঘটায়।

পাঁচতলা ভবনের নিচতলায় জুয়েলার্স এবং দুইতলায় পরিবার নিয়ে ভবনের মালিক জহুরা খাতুন থাকতেন।

“বিস্ফোরণের শব্দে আতঙ্কে জহুরা মারা যান,” বলেন ওসি শহীদুল।

দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ৬৫ বছর বয়সী জহুরা ওই সময় বাসায় শুয়ে ছিলেন বলে জানান তিনি।

ডাকাতরা দোকান থেকে ৪০ থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ডাকাতদের ছোড়া হাতবোমার স্প্লিন্টারে আহত হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক গাড়িচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।

ওই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে উপ-কমিশনার মোশতাক বলেন, “কারা ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”