জাতির স্বার্থে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন, সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনী জাতির স্বার্থে যে কোনো আত্মত্যাগ করতে সবসময় প্রস্তুত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রেজিমেন্টাল কমান্ডারদের সম্মেলন ও নবম টাইগার্স রিইউনিয়ন উপলক্ষে রিইউনিয়ন প্যারেডের বক্তৃতায় তিনি এ আশাবাদ প্রকাশ করেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আত্মপ্রকাশ ঘটে। তাই আমি আপনাদের কাছ থেকে দেশপ্রেমের সর্বোত্তম নজির প্রত্যাশা করি।”
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আন্তরিকতা ও নিষ্ঠায় সন্তুষ্টি প্রকাশ করে এই রেজিমেন্টকে তার পরিবারের 'অবিচ্ছেদ্য অংশ' বলে আখ্যায়িত করেন শেখ হাসিনা।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেডে প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিল।
“মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেজিমেন্টের সকল ইউনিটের সদস্যদেরকে তাদের ইউনিফর্মের কলারে লাল রঙের পাইপিং পরিধান করার নির্দেশ দিয়েছিলেন। বেঙ্গল রেজিমেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও অষ্টম ইউনিটের সদস্যদের জন্য এটি একটি গর্বের বিষয়”।
বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের 'জনগণের অংশ' আখ্যায়িত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এ বাহিনীর 'প্রধান অঙ্গ' ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
“রেজিমেন্টের সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য জাতি গঠন কর্মকাণ্ড প্রশংসনীয় ভূমিকা পালন করছে। কেবল দেশেই নয়- তারা দেশের বাইরেও সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করছে”।
চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কার্যালয়ে দুই ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট শেখ জামালের স্মৃতি স্মারকের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ অর্ধ-দশক আগের তুলনায় ভিন্ন। বাংলাদেশের জনগণ এখন অনেক বেশী আত্মবিশ্বাসী এবং যে কোনো অসাধ্য সাধনে অনেক বেশী আত্মপ্রত্যয়ী ও সংকল্পবদ্ধ।
পদ্মা সেতু প্রকল্পের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "বাংলাদেশ নিজস্ব সম্পদে মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তুত। এ ধরনের কাজে সেনাবাহিনীর দক্ষতার কারণে বহু কাঙ্খিত প্রকল্পের নির্মাণ কাজ তদারকির জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে স্বাগত জানান।
মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী প্রধানদ্বয় এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
