২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুই কানের নকশার বর্ণনামূলক তালিকা সরকারের হাতে

সংসদ ভবনের অঙ্কিত বর্ণনামূলক তালিকা (ড্রয়িং ইনভেনটরি লিস্ট) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সরকারের কাছে এসেছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 09:55 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

বৃস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, “এই তালিকা থেকে মূল নকশা চিহ্নিত করে তা সংগ্রহ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে লুই আই কানের নকশা সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হয়েছে।”

“নকশা তল্লাশির জন্য তিন হাজার ৫৫০ ডলার ফি পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নকশা খুঁজে বের করে গত ১৫ জানুয়ারি নকশার বর্ণনামূলক তালিকা পাঠিয়েছে। এই তালিকা থেকে প্রয়োজনীয় নকশা চিহ্নিত করে তা সংগ্রহ করা হবে।”

২০১৪ সালে সংসদ ভবনের স্থপতি লুই আই কানের প্রতিষ্ঠানের কাছ থেকে সংসদ ভবনের মূল নকশা আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডম এর সঙ্গে যোগাযোগ শুরু করে স্থাপত্য অধিদপ্তর।

লুই কানের নকশাগুলো পেনসিলভানিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভে থাকায় সরকারের পক্ষ থেকে সেখানেও যোগাযোগ করা হয়।

জাতীয় সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে স্থপতি লুই আই কানের করা মূল নকশা আনার এই উদ্যোগ নেওয়া হয়।

সে সময় গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর এবং সংসদের নিরাপত্তা শাখার সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা নকশার বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। তখনই মূল নকশার ‘কিছু অংশ’ বাংলাদেশের কাছে না থাকার বিষয়টি উঠে আসে।

মুক্তিযুদ্ধের পরবর্তীতে লুই কান কয়েকবার বাংলাদেশে কাজের জন্য আসেন। কিন্তু শেষ পর্যন্ত মূল নকশা সংশ্লিষ্ট কিছু ‘প্ল্যান’ তিনি হস্তান্তর করেত পারেননি।পরবর্তীতে এ নিয়ে কোনো সরকার আগ্রহ দেখায়নি।

গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও সংসদ এলাকায় মূল নকশার বাইরে স্পিকার-ডেপুটি স্পিকারের জন্য বাসভবন বানানো হয়।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তখন ভবন দুটি তৈরি হয়। এ সংক্রান্ত একটি মামলা এখনো বিচারাধীন।

২০১৩ সালের ২ জুন সংসদ কমিশনের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবন সংরক্ষণে মূল নকশার সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কিছু না করার ব্যাপারে মত দেন। এক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলারও পরামর্শ দেন তিনি।

১৯৬১ সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের আমলে বর্তমান সংসদ ভবন নির্মাণ কাজ শুরু হয়। সে সময় স্থপতি মাজহারুল ইসলামকে এই ভবনের স্থপতি নিয়োগ করা হয়। তার প্রস্তাবেই লুই আই কান এই প্রকল্পের প্রধান স্থপতি হিসেবে নিয়োগ পান।

১৯৮২ সালের ২৮ জানুয়ারি এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।