২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কওমি মাদ্রাসাগুলোতে নজর রাখতে এমপিদের পরামর্শ

নিজ নিজ এলাকার কওমি মাদ্রাসাগুলোতে নজরদারি রাখতে সংসদ সদস্যদের পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 08:47 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় অভিযোগ করে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী আলাদা প্রশ্ন করেন।

হাজী সেলিম কওমি মাদ্রাসাকে ‘জঙ্গি তৈরির কারখানা’ আখ্যায়িত করলে তার বিরোধিতা করে কাজী ফিরোজ রশীদ বলেন, “জঙ্গিদের মধ্যে বিদেশে উচ্চ ডিগ্রিধারীও রয়েছে। কাজেই ঢালাওভাবে কওমি মাদ্রাসাকে দোষারোপ করা ঠিক হবে না।”

চট্টগ্রামের সংসদ সদস্য নজিবুল বশর জঙ্গিবাদের সঙ্গে হেফাজতে ইসলামের সম্পৃক্ততার অভিযোগ তোলেন।

তিনি বলেন, “মানুষের কাছে সিগনাল আছে, সরকার কোনোভাবে এদের বা কারও সাথে আঁতাত করছে। এটা হলে কিন্তু বুমেরাং হবে। জঙ্গীরা জঙ্গি, সেটা কওমি হোক, আলিয়া মাদ্রাসা হোক বা যেখানেই হোক।”

জঙ্গিদের বিরুদ্ধে সরকার সক্রিয় থাকবেন কি না, নজিবুল বশর জানতে চান।

কামরুল ইসলাম তিনজন সংসদ সদস্যের প্রশ্নে প্রায় একই ধরনের জবাব দেন।

তিনি বলেন, “আমরা ঢালাওভাবে কওমি মাদ্রাসাকে দোষারোপ করছি না। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মধ্যেও জঙ্গি রয়েছে। ব্লগারদের কারা হত্যা করছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।

“চট্টগ্রামের পাহাড়ে অবস্থিত একটি মাদ্রাসায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। এরকম কিছু মাদ্রাসা আছে যেগুলো জঙ্গি তৈরির কারখানা। সেজন্য সকল কওমি মাদ্রাসাকে ঢালাওভাবে দোষারোপ করা যায় না।”

সংসদ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, “একটা এলাকায় ১০/১৫টা করে মাদ্রাসা আছে। সেগুলোতে কী হয়? বাস্তবে এর চাহিদা আছে কি না? এর ছাত্র কোত্থেকে আসে? কী করে সেই মাদ্রাসাগুলো?

“আপনারা তৎপরতা চালান। স্থানীয় সংসদ সদস্য হিসেবে আপনারা এ দায়িত্ব পালন করেন। আপনার নির্বাচনী এলাকার কওমী মাদ্রাসাগুলোকে নজরদারিতে রাখুন।”