ইউল্যাবে কানেক্টিং স্টার্টআপস সেমিনার
তথ্য প্রযুক্তিখাতে কয়েক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বিদেশি প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস(বেসিস) সভাপতি শামীম আহসান।
বুধবার রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’ প্রতিযোগিতা নিয়ে সেমিনারে তিনি একথা জানান।
শামীম বলেন, “তথ্য প্রযুক্তি খাতসহ যে কোন খাতে উদ্যোক্তাদের বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। পথে অনেক বাধা আসবে, তবে যারা ‘না’ বলে তাদের কথা শোনা যাবে না।
বাংলাদেশ থেকে তরুণ উদ্যোক্তাদের মধ্য থেকে ভবিষ্যতে ফেইসবুক, গুগল বা মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিভা তৈরির লক্ষ্যে স্টার্টআপস প্রতিযোগিতার আয়োজন বলে জানান শামীম।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যুগের সঙ্গে চলতে হলে শিক্ষার্থীদের অবশ্যই ভালোভাবে ইংরেজি শিখতে হবে, তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবনী সৃজনশীলতা দেখাতে হবে।
অনুষ্ঠানে বেসিস পরিচালক সামিরা জুবেরী হিমিকা বলেন, নবীন উদ্যোক্তাদের উৎসাহিত ও দেশি–বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র তৈরির একটি প্রতিযোগিতা কানেকটিং স্টার্টআপস।
এই প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ সময় ৩০ জানুয়ারি।
এ প্রতিযোগিতায় বিজয়ীরা জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে স্টার্টআপদের জন্য বরাদ্দকৃত স্থানে অফিস স্থান ছাড়াও অর্থসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।
প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
সেমিনারে ইউল্যাব সিএসই বিভাগের প্রধান ড. সাজ্জাদ হোসেন, বেসিস পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরাম আহ্বায়ক আরিফুল হাসান অপু বক্তব্য রাখেন।
