রাষ্ট্রপতির সঙ্গে ইরানে বাংলাদেশের নতুন দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূইয়া।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য নতুন দূত বুধবার বঙ্গভবনে যান বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, ইরানের ওপর থেকে বাণিজ্যিক অবরোধ উঠে যাওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্র তৈরি হয়েছে। নতুন দূতকে এই সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি।”
রাষ্ট্রপতি এসময় দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে সাংস্কৃতিক ও বাণিজ্যিক দলের সফর বিনিময়ের ওপর জোর দেন।
এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
