২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব: শ্রিংলা

ভারতের নতুন হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত-বাংলাদেশ ভাষা ও সংস্কৃতির ‘আবেগি বন্ধনে’ যুক্ত, যা দুই দেশের সরকারকে ‘আনুষ্ঠানিক সম্পর্কের’ বাইরেও নিয়ে আসে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 01:46 AM

Updated : 11 Oct 2022, 07:40 PM

“আমাদের জনগণ এক এবং একসঙ্গে আমরা এই শতকের বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি।”

ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রিংলা, যা বাংলাদেশে দায়িত্বভার নেওয়ার পর তার প্রথম প্রকাশ্য বক্তব্য।

সর্বশেষ ব্যাংককে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মালদ্বীপের বিষয়গুলোর দেখভাল করায় বাংলাদেশ সম্পর্কে আগেই অবগত ছিলেন শ্রিংলা।

তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, অবকাঠামো ও নিরাপত্তার মতো অনেক ক্ষেত্র রয়েছে, যেগুলো ঢাকা ও নয়া দিল্লি একসঙ্গে কাজ করতে পারে।

প্রতিবেশীদের নিয়ে ভারতের নীতির ওপর গুরুত্ব আরোপ করে শ্রিংলা বলেন, উভয় দেশই ‘একসঙ্গে কাজ করা এবং এই অঞ্চলে যোগাযোগ বাড়ানোর’ গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে।

“আমাদের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এটাই একমাত্র উপায়।”

ভারতের নতুন হাই কমিশনার ২০১৫ সালকে ঢাকা-দিল্লি সম্পর্কের একটি ‘ঐতিহাসিক’ বছর হিসেবে অভিহিত করেন।

“বাংলাদেশ শুধু আমাদের ঘনিষ্ঠতম প্রতিবেশী নয়, ২০১৫ এমন এক বছর যখন ভারত ও বাংলাদেশ একসঙ্গে ইতিহাস সৃষ্টি করেছে,” কয়েক দশক ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি কার্যকর নিয়ে একথা বলেন তিনি।

ক্রমশ দুই দেশের সম্পর্কোন্নয়ন হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “আমাদের নেতাদের মধ্যকার নেতাদের সফর বিনিময়েই এর প্রতিফলন ঘটছে।”

“এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং নতুন নতুন দিকে সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।”

ভারতের প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে সরকারের কয়েকজন মন্ত্রী, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামরিক কর্মকর্তা, জনপ্রিয় ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

ভারতের ক্রিকেট তারকা রাহুল দ্রাবিড়ও অনুষ্ঠানে যোগ দেন। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ হিসেবে ঢাকায় আছেন তিনি।