শিশু শিহাব হত্যা: মায়ের যাবজ্জীবন, ‘প্রেমিকের’ ফাঁসি বহাল
নরসিংদীর শিশু শিহাবুর রহমান পায়েল হত্যাকাণ্ডের দায়ে যাবজ্জীবন কারাভোগ এড়াতে পারেননি তার মা আফরোজা সুলতানা নূপুর।
তার প্রেমিক আবদুস সালাম ওরফে উজ্জ্বল ওরফে রাজীবকে দেওয়া মৃত্যুদণ্ডও বহাল থেকেছে আপিলের রায়ে।
বিচারিক আদালতে সাত বছর আগে দেওয়া রায়ের বিরুদ্ধে আসামিদের আপিলে মঙ্গলবার বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর হাই কোর্ট বেঞ্চ রায় দেয়।
দুই আসামিই কারাগারে রয়েছেন বলে সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সুযোগ রয়েছে তাদের।
শিহাব নরসিংদীর পলাশ থানার পণ্ডিত পাড়ার সিঙ্গাপুর প্রবাসী সোহরাব হোসেন ভূঁইয়া মামুনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৭ ডিসেম্বর শিহাব পাশের বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হয়। ওই ঘটনায় নরসিংদী থানায় একটি জিডি করেন শিশুটির চাচা মজিবুর রহমান ভূঁইয়া বাদল।
দুদিন পর বাসার পেছনের কলাবাগান থেকে শিহাবের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই দিনই মজিবুর রহমান নরসিংদী থানায় মামলা করেন।
পরের বছর ৯ অগাস্ট শিহাবের মা নূপুর, তার ‘প্রেমিক’ উজ্জ্বল ও তার বন্ধু হারুনুর রশিদ গাজীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে দুই সন্তানের মা নূপুর বলেন, মোবাইল ফোন সারাতে গিয়ে উজ্জ্বলের সঙ্গে তার পরিচয় হয়। পরে টেলিফোনে প্রেম। উজ্জ্বল বিয়ের প্রস্তাব দিলে তিনি তাতে রাজি হন।
“সন্তানদের কী হবে, জানতে চাইলে উজ্জ্বল জানায়, ছেলেকে (পায়েল) নেবে, তবে মেয়েকে (শিশু) নেবে না।..আগে ছেলেকে নেবে, তারপর আমাকে (নূপুর) নেবে।”
এই মা জবানবন্দিতে বলেন, ৬ ডিসেম্বর রাজীব এসে শিহাবকে নিয়ে যান। পরে ৮ ডিসেম্বর জানায়, ছেলে ভালো আছে। পরে আবার জানায়, ছেলেকে অজ্ঞান করে রেখেছিল; জ্ঞান না ফেরায় গলা টিপে মেরে ফেলেছে।
১৬ জনের জবানবন্দি শুনে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ এ কে এম আবুল কাশেম ২০০৯ সালের ১ সেপ্টেম্বর রায় দেয়।
এতে উজ্জ্বলকে মৃত্যুদণ্ড ও নূপুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় হারুনকে খালাস দেন বিচারক।
মামলার সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আসামিরা জামিনে ছিলেন। তবে রায়ের ২০০৯ সালের ৩১ অগাস্ট আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।
ফাইল ছবি
বিচারিক আদালতের রায়ের পর ২০০৯ সালে আসামিরা আপিল করেন। পাশাপাশি ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাই কোর্টে আসে।
চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে এসবের ওপর শুরু হয়। শুনানি শেষে আদালত রোববার থেকে আদালত রায় ঘোষণা শুরু করে, যা মঙ্গলবার শেষ হয়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু ও কাজী বজলুর রশিদ।
উজ্জ্বলের পক্ষে ছিলেন আইনজীবী সাইফুদ্দিন মাহমুদ, নূপুরের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাজাহান কবির।
