বিচ্ছিন্নতা-আক্রান্তদের জন্য ‘সান্নিধ্য’
‘বিচ্ছিন্নতায়’ ভোগা ব্যক্তিদের জন্য ‘সান্নিধ্য’ নামে নতুন পরামর্শ সেবা এনেছে ‘রে অব লাইট’ নামে একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশানে (বাসা- ১০, রাস্তা- ৭৯, গুলশান-২) ‘রে অব লাইটে’র কার্যালয়ে নিবন্ধনের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে।
সেবার আওতায় প্রতি রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশিক্ষিত কর্মী ও লোকবল দ্বারা স্বাস্থ্য ও সামাজিক সেবা নিয়ে প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক তথ্যসহ পরামর্শ ও চিকিৎসা সেবা দেওয়া হবে।
এই সেবা পেতে হলে কমপক্ষে চারটি অধিবেশনের জন্য অগ্রিম নিবন্ধন করতে হবে। প্রতিটি অধিবেশনের ফি ৫০০ টাকা।
‘রে অব লাইট’র ব্যবস্থাপনা পরিচালক নিজাম চৌধুরী বলেন, “আমাদের পরিবারের অনেক সদস্য রয়েছেন যারা বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছেন, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করছে। অনেকক্ষেত্রে, সঠিক পরামর্শ ও নির্দেশনা পেলে তারা নিজেরাই এ অসুস্থতা কাটিয়ে উঠতে পারেন।
“আমরা, আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের সমস্যা অনুযায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসতে সঠিক পরামর্শ, নির্দেশনা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিই।”
