পৌর ভোটের প্রচারে সাংসদরা নেই কেন: হাই কোর্ট
পৌরসভার নির্বাচনী প্রচারে সংসদ সদস্যদের অংশগ্রহণ রহিত করে আনা বিধান কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ এ রুল দেয়।
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ আট বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৩ নভেম্বর পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা সংশোধন করে বিধি-২ এর উপবিধি ১২ ও উপবিধি ২২ যুক্ত করে সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়।
এ দুটি উপবিধির বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম নুর নবী, যার ওপর সোমবার শুনানি হয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন এমপি; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী অ্যার্টনি জেনারেল অরবিন্দ কুমার রায়।
আদেশের পর এ কে এম নুর নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আচরণবিধির ২ এর উপবিধি ১২ ও ২২ অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সংসদ সদস্যদের রাখা হয়েছে। ফলে তারা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। উপ-বিধি অনুসারে এটি লাভজনক পদ।
“অথচ সংবিধানের ৬৮ ও ১৫২ অনুসারে সাংসদরা সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়। কারণ তারা শুধু সম্মানী ভাতা পেয়ে থাকেন। দুই উপবিধি সংবিধানের ওই দুই অনুচ্ছেদের পরিপন্থি বলে রিটটি করা হলে আদালত রুল দেয়।”
