২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি ‘কাইযেন’ এ স্বাস্থ্য সেবায় বিপ্লব

২০১৩ সালের অক্টোবরে টাঙ্গাইল জেলা হাসপাতালে চার নবজাতকের মৃত্যুর ঘটনায় হতভম্ব হয়ে পড়েছিল এলাকাবাসী।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 01:17 AM

Updated : 11 Oct 2022, 07:40 PM

পরে এ ঘটনার তদন্তে বেরিয়ে আসে, চার শিশুর জন্মই নির্ধারিত সময়ের বেশ আগে হয়েছিল এবং তাদের জন্ম হয়েছিল বাড়িতে অদক্ষ ধাত্রীর হাতে।

এরপর স্থানীয় প্রশাসন বৈঠকে বসে বাড়িতে সন্তান প্রসবের হার কমিয়ে আনা এবং গর্ভধারিণীকে স্বাস্থ্যকর্মীদের নজরের মধ্যে রাখার (রেফারেল সিস্টেম) পদ্ধতি বের করার লক্ষ্যে। এ সময় সিভিল সার্জনের দপ্তরের এক কর্মকর্তা একটি পরিকল্পনা সামনে নিয়ে আসেন- গর্ভধারিণী ও স্বাস্থ্যকর্মীদের ‘রেফারেল স্লিপ’ সরবরাহের।

ওই স্লিপ গর্ভধারিণী মায়ের ঘরের দরজায়ও সেটে দেওয়ার প্রস্তাব করা হয়, যাতে এক নজরেই বাড়িটি সনাক্ত করা যায়।

তার এই প্রস্তাব গ্রহণের পর তাৎক্ষণিকভাবে ১০ হাজার স্লিপ বিতরণ করা হয়।

তারপর থেকে ওই এলাকায় স্বাস্থ্য সেবাকেন্দ্রে সন্তান প্রসবের হার বাড়ার পাশাপাশি শিশু ও মায়ের মৃত্যু হার কমে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এবং এটা সম্ভব হয়েছে ওই ‘ছোট পরিবর্তনে’, যার জন্য বড় কোনো বিনিয়োগ বা উচ্চ পর্যায়ের অনুমোদনের দরকার হয়নি- এই ধারণাই জাপানে ‘কাইযেন’ নামে পরিচিত।

‘কাই’ অর্থ ‘পরিবর্তন’ এবং ‘জেন’ অর্থ ‘আরও ভালো’।  জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতার ২০১৩ সাল থেকে এই ধারণা নিয়ে কাজ করছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।

“বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়েই ‘চেইঞ্জ ফর বেটার’ সম্ভব বলে আমরা জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধ করি। তবে এই অগ্রগতি ধারাবাহিক হতে হবে,” বলেন অতিরিক্ত সচিব মো. জায়েদুল হক মোল্লা।

কাইজেনের ওপর গুরুত্ব দিয়ে পরিচালিত ইমপ্রুভিং পাবলিক সার্ভিসেস থ্রু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পের পরিচালক তিনি।

দেশজুড়ে কাইজেনের ধারণা ছড়িয়ে দিতে কার্যক্রম চলছে বলে জানান তিনি। এরইমধ্যে ২১ জেলায় মাঠ প্রশিক্ষণের মাধ্যমে অগ্রগতি লাভের কথাও জানান।

এগুলোর মধ্যে সবচেয়ে ভালো কিছু কার্যক্রম সম্পর্কে সোমবার ঢাকায় জাতীয় কাইজেন সম্মেলনে আলোচনা করা হবে।

সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজনের মিডিয়া পার্টনার।

এই প্রকল্পের টিম লিডার ইয়োজিরো ফুজিওয়ারা ধারণাটি ব্যাখ্যা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনসেবায় নিয়োজিতরা দুই ধরনের সমস্যার মুখোমুখি হন- ক্রমবর্ধমান চাহিদা এবং সম্পদের সীমাবদ্ধতা।

“এজন্য জনসেবায় নিয়োজিতদের সীমিত সম্পদ নিয়ে বেশি করতে হয়। ধারাবাহিক সাংগঠনিক অগ্রগতির জন্য হলো কাইজেন।

“এটা বাড়তি কোনো দায়িত্ব নয়, বরং নিয়মিত কাজের সম্পূরক প্রচেষ্টা।”