তারানার ভাবনায় ‘স্মার্ট সিটি’
তথ্য প্রযুক্তি ব্যবহারের সব সুযোগ নিশ্চিত করে বিভাগীয় শহরগুলোকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে যাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সম্প্রতি মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরকালে ‘স্মার্ট সিটি মডেল’ দেখে আসার পর রোববার সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে নিজের এই পরিকল্পনা তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “স্মার্ট সিটি কনসেপ্ট হচ্ছে সব কিছুতে ডিজিটাইলাইজেশন অর্থাৎ আধুনিক জীবনে মানোন্নয়নের জন্য, পরিবহনে, রেলে, পার্কিং থেকে টোল দেওয়া পর্যন্ত,এ ধরনের নাগরিক সুবিধা দিতে এ সিটি করা হবে।”
মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি বলেন, “তারা দেখিয়েছে, অফিসে বসে মোবাইল ফোনের মাধ্যমে ঘরের নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে দেখতে পাচ্ছেন। ঘরের বাচ্চারা কী করছে ইত্যাদি বিষয়ে আপডেট পাওয়া যাচ্ছে।”
এসব অভিজ্ঞতাকে ‘স্মার্ট সিটি’ গড়তে কীভাবে কাজে লাগানো এবং কারিগরি সহায়তা পাওয়া যায়, তা নিয়ে ঢাকার দুই মেয়র ও সব মন্ত্রণালয় মিলে একযোগে কাজ করা হবে বলে জানান তারানা।
“আশা করি এটি সম্ভব হবে,” আশাবাদ ঝরে প্রতিমন্ত্রীর কণ্ঠে।
মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী সালেহ্ সাইদ কিরুয়াকের সঙ্গে বৈঠকে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আশ্বাস পেয়েছেন বলে জানান তারানা।
সফরকালে তিনি সেলকম আজিয়াটা বারহাদ প্রতিষ্ঠান পরিদর্শন করেন৷
প্রতিমন্ত্রী বলেন, “২০০৬ সালের একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে সেলকম আজ মালয়েশিয়ার দ্বিতীয় সফল অপারেটর হয়েছে৷ টেলিটককে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সেলকমের অভিজ্ঞতা কাজে লাগানো হবে।”
টেলিটকের জন্য নেওয়া পদক্ষেপের সঙ্গে সেলকমের কার্যক্রমেরও মিল পেয়েছেন বলে জানান তিনি।
