প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নে জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিন: রাষ্ট্রপতি
উন্নয়ন প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের সময় পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার নিজের জেলা কিশোরগঞ্জের সরকারি কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “রাষ্ট্রপতির বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীব বৈচিত্র্য রক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেছেন।
প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি উন্নয়ন প্রক্রিয়া তরান্বিত করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন।
সার্কিট হাউজে এই মতবিনিময় সভায় জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকাণ্ডের সমস্যা ও অগ্রগতি রাষ্ট্রপতিকে জানানো হয়।
রাষ্ট্রপতি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিষ্ঠা ও আন্তরিকতা কাজের গতিকে ত্বরান্বিত করে।
রাষ্ট্রপতি উন্নয়ন কাজের তদারকি ও গুণগত মান নিশ্চিতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের যথাযথ তদারকির ওপর জোর দেন বলে জানান প্রেস সচিব জয়নাল আবেদীন।
